উন্নয়ন সহযোগীরা ১০ এপ্রিল পদ্মা সেতুর প্রাক-যোগ্যতা টেন্ডার ডকুমেন্ট অনুমোদন করেছে। অক্টোবরের মধ্যে মূল সেতুর ঠিকাদার নিয়োগ শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ শুরু হয়ে বর্তমান সরকারের আমলেই তা শেষ হবে।যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।যোগাযোগমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে বর্তমান সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, বর্তমান শাসনামলেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। নইলে আপনার মন্ত্রিত্ব থাকবে না। এর পর থেকে রাতে আমার ঘুম হয় না। রাত-দিন ২৪ ঘণ্টা আমি এ সেতু নির্মাণের জন্য কাজ করি।’আবুল হোসেন আরও বলেন, ‘সেতু কর্তৃপক্ষ থেকে মাঝ রাতে আমাকে টেলিফোন করা হলে আমি কথা বলি। কোনো ফাইল পাঠালে তা স্বাক্ষর করি।’সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নির্মাণের ফলে ১৩ হাজার ৪৮২টি পরিবার বাস্তুচ্যুত হবে জানিয়ে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, প্রতিটি পরিবারকে তার আগের অবস্থার চেয়ে ভালো অবস্থানে পুনর্বাসন করা হবে।জাপান সরকার পদ্মা সেতু নির্মাণে যে অর্থ দিচ্ছে তার শতকরা ৮০ ভাগ ঋণ মওকুফ-সহায়তার আওতায় দেওয়া হয়েছে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, সেতু নির্মাণ শেষ হলে পুরো অর্থই ঋণ মওকুফ-সহায়তা হিসেবে দেওয়া হবে।দাতা সংস্থাগুলোর পক্ষে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেইন গোল্ডস্টেইন বলেন, ‘আমি প্রকল্প এলাকা পরিদর্শন করে দেখতে পেয়েছি যে ঢাকার সঙ্গে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নয় ঘণ্টা সময় সাশ্রয় হবে। ওই অঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচনে সেতুটি ভূমিকা রাখবে।’বিশ্বব্যাংকের পক্ষ থেকে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক বলেন, ‘সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যক্রম তদারক প্রতিষ্ঠান ও সেতু কর্তৃপক্ষ শক্তিশালী করায় আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি।’সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য-সচিব আবদুল করিম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আবাসিক পরিচালক পল হেইসেন্স এবং জাইকার প্রধান প্রতিনিধি তাকাও টোডা উপস্থিত ছিলেন।