অক্টোবরে রাজধানীর ছয়টি খাল উদ্ধারে অভিযান
রাজধানী ও এর আশপাশে বেদখল হওয়া ছয়টি খাল উদ্ধারের কার্যক্রম আগামী মাসের (অক্টোবর) মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছে নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স। এ ছয়টি খাল হচ্ছে—কাঁটাসুর, কল্যাণপুর-ক, কল্যাণপুর-গ, শ্যামপুর, রামচন্দ্রপুর ও হাজারীবাগ।আজ বুধবার সচিবালয়ে টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, খালগুলো উদ্ধারের পর এর দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণ করা হবে। খালগুলো যাতে পুনরায় দখল হয়ে না যায়, তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে স্থানীয় থানার ওসিদের। এতে তাঁরা ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা খালের সীমানা মানচিত্র সংগ্রহ করেছেন। নৌপরিবহনমন্ত্রী বলেন, রাজধানীর ১৩৮টি স্থান দিয়ে বর্জ্য নদীগুলোতে পড়ছে। ওয়াসাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি করপোরেশনের সহায়তায় চিহ্নিত স্থানগুলো বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।নদীগুলো রক্ষায় জাতীয় নদীরক্ষা কমিশন হবে জানিয়ে নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, নভেম্বরের মধ্যে নদীগুলোর সীমানা পুনর্নির্ধারণের জন্য পিলার নির্মাণকাজ শুরু হবে।