অক্টোবরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবর মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে। এর মধ্যে ঠিকাদার চূড়ান্ত করে কার্যাদেশ দেওয়া হবে। গতকাল সোমবার সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।এদিকে, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নের জন্য সরকার এখনো আশাবাদী বলে জানা গেছে। এ জন্য সরকার আরও এক মাস অপেক্ষা করবে। শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা না হলে মালয়েশিয়ার সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সে দেশের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের দীর্ঘ সময় ধরে অনানুষ্ঠানিক বৈঠক হয়। অনানুষ্ঠানিক এই বৈঠকে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গটি প্রাধান্য পায় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।প্রাক্-বাজেট আলোচনা: পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী বলেন, অক্টোবর মাসের মধ্যে কোন দাতার কাছ থেকে অর্থ নেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে। বাজেট আলোচনায় অংশ নেওয়া সাংসদেরাও পদ্মা সেতু নির্মাণের কাজ ত্বরান্বিত করার তাগিদ দিয়েছেন।প্রসঙ্গত গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে।পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়নি, এই সরকারের আমলেই পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হবে। তিনি বলেন, ‘প্রকল্প প্রণয়নের প্রাথমিক কাজে গতি এবং দাতাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে এই সরকারের আমলেই সেতু নির্মাণের কাজ শেষ করতে উদ্বুদ্ধ হয়েছি। কিন্তু দাতাদের পিছিয়ে যাওয়ার কারণে আমরা পদ্মা সেতু নির্মাণে এক বছর হারিয়েছি। আমরা আর অপেক্ষা করতে পারব না। বিকল্প অর্থায়নের উৎস হিসেবে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে।’বৈঠকে শেখ সেলিম, আনিসুল ইসলাম মাহমুদ, আখতারুজ্জামান চৌধুরী, মোশারফ হোসেনসহ বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিরা অংশ নেন।মন্ত্রিসভার বৈঠক: সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত ওই আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক, মালয়েশিয়া বা যেকোনো দাতা সংস্থাই হোক, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগ্রহী যেকোনো সংস্থার সহযোগিতায় বর্তমান সরকারের মেয়াদকালেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে।সূত্র জানায়, আলোচনায় মন্ত্রীরা দ্রুত পদ্মা সেতু নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, বিশ্বব্যাংক যদি অর্থায়ন না করে, তাহলে মালয়েশিয়ার সহযোগিতায়ই তা করতে হবে। সরকারের মেয়াদের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করতে হবে। কারণ, পদ্মা সেতু তো নির্মাণের বিকল্প নেই। এটা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি।আলোচনার একপর্যায়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বব্যাংক সহায়তা দেবে কি না, সেটা আগামী এক মাসের মধ্যে জানা যাবে।মূল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১২ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে স্থাপিত বর্ডার হাটের পরিচালনা কার্যক্রম সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।