ধলপুরের আউটফল সিটি কলোনির ভেতরে শিশুদের কোরাস করে বর্ণমালা পড়তে শুনে থমকে দাঁড়াতে হলো। আ, আআ, ই, ঈ, উ, আরু, আই, আম, আহা বলে সমস্বরে পড়ছে একদল শিশু। কিন্তু কানে সেই চিরচেনা স্বরে অ স্বরে আ-র মাঝে আবার আআ, আরু, আই কেন? কোনো দুষ্টুছেলের দলের কাজ নয় তো? কিন্তু নতুন এসব ধ্বনির খোঁজ নিতেই মিলল তেলেগু কমিউনিটি স্কুলের হদিস। এখানে তেলেগু সম্প্রদায়ের শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।তেলেগুর পাশাপাশি কানপুরি ভাষায় পড়াশোনার এই ব্যবস্থা রয়েছে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের উল্টো দিকে থাকা দয়াগঞ্জ সিটি কলোনির তেলেগু কানপুরি কমিউনিটি স্কুলেও।দয়াগঞ্জ কিংবা আউটফল সিটি কলোনির ভেতরে বাস তেলেগু আর কানপুরি সম্প্রদায়ের লোকজনের। জায়গা দুটি ‘সিটি কলোনি’ নামে পরিচিত। নগরবাসীর গার্হস্থ্য ময়লা-আবর্জনা পরিষ্কারের দায়িত্ব তাদের হাতে।কলোনিতে থাকা শিশুদের শিক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু লেখাপড়ার উদ্যোগে প্রথমেই বাদ সাধে ভাষার জটিলতা। সেসব জটিলতার মারপ্যাঁচে তেলেগু আর কানপুরি মাতৃভাষায় কথা বলা শিশুদের কাছে স্বরে অ, স্বরে আ একটু বেশিই কঠিন মনে হয়। ফলে বিদ্যালয় থেকে ঝরে পড়তে থাকে শিশুরা। শিশুদের এই ঝরে পড়া নিয়ে আলোচনা শুরু হয় কলোনির ভেতরে-বাইরে। শেষতক এগিয়ে আসে একটি বেসরকারি সংস্থা। মাতৃভাষায় শিক্ষাদানের সূচনার কথা বলছিলেন আউটফল তেলেগু কমিউনিটি স্কুলের শিক্ষক প্রকাশ সাম্মা ও এসু রাতনাম। পড়াশোনা আরও আনন্দদায়ক আর সহজে পাঠ করতে ‘এফএইচ’ নামে একটি বেসরকারি সংস্থা প্রকল্প হাতে নেয়। সংগঠনটি তেলেগু আর কানপুরি শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের প্রতি জোর দেয়। সেটা ২০০৫ সালের শেষ দিকের ঘটনা। কলোনির ভেতরে থাকা মোটামুটি শিক্ষিত আর উদ্যমী কিছু তরুণ-তরুণীকে দেওয়া হয় বহুভাষিক শিক্ষাবিষয়ক (এমএলই) প্রশিক্ষণ। শেখানো হয় শিক্ষা-উপকরণ তৈরির কৌশল, শিশুদের মনস্তত্ত্ব বোঝার দক্ষতা, শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার পদ্ধতি।প্রশিক্ষণপ্রাপ্তরাই তৈরি করেন তেলেগু আর কানপুরির শিক্ষা-উপকরণ। সাজানো হয় বর্ণমালার চার্ট। সঙ্গে ছবি আর নানা উপকরণের সহায়তায় মাতৃভাষা শিক্ষার পাশাপাশি প্রচলিত নিম্ন মাধ্যমিক পাঠ্যক্রমও চালু হয়।শিশুদের মাতৃভাষার মাধ্যমে প্রচলিত বাংলা ও ইংরেজি শিক্ষা দেওয়ার এই পদ্ধতিতে রয়েছে চারটি ধাপ। প্রথম ধাপে নার্সারি শিক্ষায় পুরোটাই শিশুদের মাতৃভাষা তেলেগু বা কানপুরিতে পড়ানো হয়। কেজিতে উঠলে ৭৫ শতাংশ মাতৃভাষায় আর ২৫ শতাংশ প্রচলিত বাংলা-ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। আবার প্রথম শ্রেণীতে পড়ানো হয় অর্ধেক মাতৃভাষায় আর অর্ধেক প্রচলিত পদ্ধতিতে। শেষের ধাপে দ্বিতীয় শ্রেণীতে ২৫ ভাগ পড়ালেখা হয় মাতৃভাষায়।আউটফল তেলেগু কমিউনিটি স্কুলের শিক্ষক প্রকাশ সাম্মা বলেন, ‘তেলেগু আর কানপুরি শিশুরা বাসায় কথা বলে নিজ নিজ মাতৃভাষায়। ফলে বিদ্যালয়ের বাংলা ভাষা বুঝতে বা শিখতে তাদের সময় লাগে বেশি। এ জন্যই মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা; যাতে করে মাতৃভাষায় শিক্ষা শুরু করে ধীরে ধীরে বাংলা ভাষার শিক্ষা বুঝে উঠতে পারে। পাঠ্যক্রমও এমনভাবেই সাজানো। আর দ্বিতীয় শ্রেণীর পর এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচি মেনেই পড়ানো হয়।’দয়াগঞ্জের কমিউনিটি স্কুলে পঞ্চম শ্রেণী আর আউটফল কমিউনিটি স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা এরপর যাতে সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাজীবন চালিয়ে নিতে পারে, সে জন্য রয়েছে বিভিন্ন ধরনের সহায়তার ব্যবস্থা।বিদ্যালয় দুটির বহু শিক্ষার্থীই এখন প্রতিষ্ঠিত। কেউ আবার শিক্ষাজীবন শেষ করে এই বিদ্যালয়েই শিক্ষকতা করছেন। আউটফল তেলেগু কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ সাম্মা আর এসু রাতনাম সাজিয়েছেন স্কুলের পাঠ্যসূচি। তাঁরা দুজনই বিদ্যালয়টির ছাত্র ছিলেন। এখন তাঁদের মাধ্যমেই চলছে আউটফলে তেলেগু ভাষায় শিক্ষাচর্চা।