অক্ষরের শিল্প ‘ছবি-পাঠ’
ছবি কি পাঠযোগ্য বিষয়বস্তু? সাধারণত ছবি বলতে বোঝায় দেখবার মতো কোনো প্রতিবিম্ব বা প্রতিকৃতি। আর পাঠযোগ্য জিনিসের কথা মনে এলে চোখে ভাসে বই-পুস্তক ইত্যাদি মুদ্রিত বা হাতে লেখা কোনো লিপিমালার কথা। কিন্তু শিল্পী ওয়াকিলুর রহমান এই দুটোকে মিলিয়েছেন একত্রে। তাই তাঁর শিল্পকর্মের প্রদর্শনীর নাম ‘ছবি-পাঠ’।গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং বেঙ্গল আর্ট লাউঞ্জে আজ রোববার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী তাঁর এই প্রদর্শনী। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল আর্ট লাউঞ্জে [৬০ গুলশান এভিনিউ, (উদয় টাওয়ারের বিপরীত) নিচতলা, গুলশান ১]। প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শিল্পী দীর্ঘদিন থেকে অক্ষর, বর্ণবিন্যাস, ভাষার সঙ্গে চিত্র ও চিত্রপটের সস্পর্ক নানা দিক থেকে বিশ্লেষণ করে শিল্পকর্ম সৃষ্টি করছেন। সেই দীর্ঘ পরিক্রমার ফসল আজকের এই প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৫৬টি। অধিকাংশ কাজ চীনা কাগজে জলরঙে করা, সঙ্গে রয়েছে কিছু ছাপচিত্র। প্রদর্শনী আগামী ২৯ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।প্রদর্শনী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বেঙ্গল আর্ট লাউঞ্জে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পী ওয়াকিলুর রহমান তাঁর শিল্পভাবনা ও প্রদর্শনীর প্রেক্ষাপট তুলে ধরেন। বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা ও শিল্পীর পরিচিতি তুলে ধরেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও আর্ট লাউঞ্জের সহকারী ব্যবস্থাপক ক্যাটরিনা ডন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের সমন্বয়ক সারোয়ার জাহান।ওয়াকিলুর রহমান ১৯৮১ সালে ঢাকা চারু ও কারুকলা কলেজ থেকে স্নাতক এবং ১৯৮৬ সালে বেইজিং কেন্দ্রীয় একাডেমি থেকে এমএফএ ডিগ্রি নেন। ১৯৮৮ সালে তিনি বার্লিনে যান। এই প্রদর্শনীতে ওয়াকিলুর রহমান অক্ষরবিন্যাস ও শব্দাবলি নিয়ে যে শিল্পরচনা করেছেন, তা তাঁকে শিকড়সন্ধানী ও ঐতিহ্যলগ্ন করে তুলেছে। শিল্পীর দেশে-বিদেশে এ পর্যন্ত প্রায় ৪০টি একক প্রদর্শনী হয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ঢাকা ও বার্লিনে।