অখণ্ড ঢাকার জন্য প্রয়োজনে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমত উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পন্থায় ঢাকাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিভক্তির সিদ্ধান্ত মানুষ মানে না, মানবে না। ঢাকাকে অখণ্ড রাখার জন্য বৃহত্তর আন্দোলন করা হবে। প্রয়োজনে হরতাল-অবরোধ দেওয়া হবে।ঢাকা সিটি করপোরেশনকে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ঢাকা সিটি করপোরেশন কাউন্সিলর ঐক্য পরিষদ এই সমাবেশের আয়োজন করে।ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও নগর ভবনে সমাবেশ করেন। সেখানে আন্দোলনের নেতারা বলেন, ৫ ডিসেম্বর তাঁদের দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস পাওয়া গেছে। সেই আলোচনায় দাবি পূরণ না হলে ৬ ডিসেম্বর থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।শহীদ মিনারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ঢাকার কী হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে ঢাকাবাসীর মতামত নিতে হবে। স্বৈরাচারী মনোভাব থেকে বিরত থাকতে হবে।সমাবেশে লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সব শ্রেণী-পেশার মানুষ ঢাকাকে বিভক্ত না করার জন্য বলছেন। কিন্তু সরকার মানুষের অনুরোধ শোনেনি। সব দাবি উপেক্ষা করে অত্যন্ত স্বৈরচারী পন্থায় রাজধানী দ্বিখণ্ডিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এরশাদও হাইকোর্ট ভেঙে সারা দেশে নিয়েছিলেন। কিন্তু হাইকোর্ট ফিরে এসেছে নিজের জায়গায়। তাই অত্যন্ত হীন উদ্দেশ্যে ঢাকাকে দ্বিখণ্ডিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থায়ী হবে না।ঢাকাকে পৃথিবীর ১০টি প্রাচীন শহরের একটি উল্লেখ করে আবুল মকসুদ বলেন, এই শহরকে জবাই করতে দেব না। যত দিন সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসবে, তত দিন পর্যন্ত সংগ্রাম চলবে।সমাবেশে বিদায়ী মেয়র সাদেক হোসেন বলেন, ‘এক ও অভিন্ন ঢাকার জন্য আলোচনা করে বৃহত্তর আন্দোলনের সূচনা করব।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, এটা ভুল, ভয়ংকর ভুল। ভুল সিদ্ধান্ত স্থায়ী হতে পারে না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, তাজমেরি এস এ ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।বিদায় ডিসিসি: গতকাল আইন পাসের মধ্য দিয়ে কার্যত বিলুপ্ত হলো ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। এখন শুধু রাষ্ট্রপতির সম্মতি ও গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি।এ কারণে গতকাল নগর ভবনের পরিবেশও ছিল ভিন্ন। কোনো কাজকর্ম হয়নি। পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে সকাল থেকেই কর্মচারীরা কাজ ফেলে নিচে নেমে আসেন।একজন নারী কর্মী তাঁর দুই সহকর্মীর সঙ্গে আলাপকালে র্দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন ‘শেষ!’ এভাবে অনেকের কথা ও আচরণে হতাশা প্রকাশ পায়। বিভিন্ন তলায় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার ফাঁকা দেখা যায়।দুপুরে নগর ভবনে সমাবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর একটায় সমাবেশ শুরু হলেও আগে থেকেই সিটি করপোরেশনের বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে মিছিল নিয়ে আসতে থাকেন কর্মচারীরা। প্রধান ফটকে পুলিশ মোতায়েন ছিল।সমাবেশ থেকে ঢাকা সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের নেতারা বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, ৫ ডিসেম্বর দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে। এ জন্য বৃহস্পতি ও রোববার শুধু বিক্ষোভ-সমাবেশ করা হবে। আর আলোচনায় দাবি পূরণ না হলে ৬ ডিসেম্বর থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।কাউন্সিলর ফোরাম গঠন: ঢাকা সিটি করপোরেশন কাউন্সিলর ঐক্য পরিষদের ডাকা গতকালের শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সমর্থক কাউন্সিলরদের দেখা যায়নি। এদিকে ডিসিসির সাবেক ও সদ্য বিদায়ী কাউন্সিলরদের সমন্বয়ে কাউন্সিলর ফোরাম নামে আরেকটি সংগঠন গড়ে উঠেছে। গতকাল পত্রিকায় পাঠানো বিজ্ঞপ্তিতে এই ফোরামের একটি কমিটি গঠনের কথা জানানো হয়। ৮২ নম্বর ওয়ার্ডের শহিদ উল্লাহ এর আহ্বায়ক।বিদায়ী কাউন্সিলর মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, শহীদ মিনারের সমাবেশে আওয়ামী লীগের সমর্থক কাউন্সিলররা যাননি। ডিসিসিতে ৯২টি ওয়ার্ডে ২০ জনের মতো কাউন্সিলর আছেন আওয়ামী লীগের। বাকিরা বিএনপি ও সমমনা দলের সমর্থক।