অখণ্ডতা বজায় রেখে ওয়ার্ডের সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম বা মহল্লার অখণ্ডতা বজায় রেখে ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ডের সীমানা নির্ধারণ করার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ইউপি নির্বাচন করারও সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে মুজিবনগর দিবস সরকারিভাবে পালনের সিদ্ধান্ত হয়। বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়ে যাওয়ায় নির্বাচন অনুষ্ঠান জরুরি হয়ে পড়েছে। সংশোধনী অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা করা হয়েছে। আগের আইনে মেয়াদ শেষ হওয়ার পরের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান ছিল। স্থানীয় সরকার (পৌরসভা) আইনের সংশোধনী প্রস্তাবেও ওয়ার্ডের অখণ্ডতা বজায় রেখে সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে। দেশে মোট পৌরসভা হচ্ছে ৩০৮টি। এর মধ্যে ২৪৫টির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বৈঠকে পাঁচ বছরের জন্য জাতীয় হজনীতি (২০১০-১৪) ও হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, এবার প্রতি হজযাত্রীর খরচ হবে দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা। গত বছর ছিল দুই লাখ ২০ হাজার ৫৫০ টাকা। ১৭ নভেম্বর হজ পালিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে ৭৫ হাজার মানুষ হজ করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বৈঠকে শান্তিপূর্ণ কাজে নিউক্লিয়ার এনার্জি ব্যবহারের সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে চুক্তি হবে, তাও অনুমোদন করা হয়। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২১ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। গত বছরের ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠক হয়। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষর হয়। পরে এ বিষয়ে চুক্তি হয়। গতকালের বৈঠকে ওই চুক্তি অনুমোদন করা হয়।এ ছাড়া বৈঠকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনের জন্য দিবসগুলোর শ্রেণীবিন্যাস বিষয়ক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।