পদত্যাগের গুজব সম্পর্কে সৈয়দ আশরাফ
অখ্যাত এজেন্সীর সংবাদে আ.লীগ প্রতিক্রিয়া জানাতে পারে না
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের পাঁচটি শুন্য পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কাল মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ। দশ হাজার মূল্যমানের এই মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আগামী ২৬ নভেম্বর দলীয় সংসদীয় বোর্ডের পরবর্তী সভায় ওই পাঁচ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হবে। আজ সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পদত্যাগের গুজব সম্পর্কে জানতে চাওয়া হলে সৈয়দ আশরাফ বলেন, দেশের স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য কোনো পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় এ ধরণের সংবাদ পরিবেশন করা হলে আমরা প্রতিক্রিয়া জানাতে পারতাম। একটি নাম-ঠিকানাহীন অখ্যাত ওয়েবসাইট বা নিউজ এজেন্সির কোন সংবাদের ব্যাপারে আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানাতে পারে না। মন্ত্রিসভায় রদবদলের গুজব সম্পর্কে দৃষ্টি আকর্ষন করা হলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘মন্ত্রিসভার পরিবর্তন-পরিবর্ধন করার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তাই এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।’ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ বলেন, সংসদের সংরক্ষিত পাঁচটি মহিলা আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিক্রি হবে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত তা চলবে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে শেষ হয় রাত ৯টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফরউল্যাহ এবং ওবায়দুল কাদের প্রমুখ। গৃহায়ণ প্রতিমন্ত্রী ও দলীয় দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন।