অগণতান্ত্রিক পন্থায় আর কেউ ক্ষমতায় আসতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থায় আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। সেই পথ বন্ধ হয়ে গেছে।মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাট-সংলগ্ন কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী ওই কথা বলেন। এ ছাড়া ওই পন্থায় আর যাতে কেউ দেশে ক্ষমতায় আসতে না পারে সেদিকেও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন সময়মতো এবং অবাধ ও নিরপেক্ষ হবে। এ দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান। বিরোধীদলীয় নেতার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ‘কিসের জোরে তিনি আলটিমেটাম দিলেন’ তা নিয়ে প্রশ্ন করেন। তিনি দাবি করেন, ‘আমরা কাউকে আলটিমেটাম দেই না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’ বিরোধীদলীয় নেতাকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, ‘আপনি মানুষ হত্যা করে সরকার উৎখাত করবেন। এটা পারবেন না। সে চিন্তা বাদ দিয়ে গণতন্ত্রের পক্ষে থাকুন। গণতন্ত্রকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে অংশ নিন।’প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বলেন, এ সেতু নিজস্ব অর্থায়নেই হবে। ইতিমধ্যে সেতুর ভূমি অধিগ্রহণসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। যত দ্রুত সম্ভব এর নির্মাণকাজ শুরু করা হবে।আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি ফকির আবদুল হামিদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌমন্ত্রী শাজাহান খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।প্রধানমন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে মাওয়াঘাটে ৪০০ কোটি টাকা ব্যয়ে সংগ্রহ করা বিআইডব্লিউটিএর ‘প্রত্যয়’ ও ‘নির্ভীক’ নামের দুটি উদ্ধারকারী নৌযান এবং ‘দুরন্ত’ ও ‘দুর্বার’ নামের দুটি টাগবোট উদ্বোধন করেন। এ ছাড়া তিনি সিরাজদিখান-সাপেরচর সড়কে নির্মিত সেতু, সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্করের জন্মভিটায় আবিষ্কৃত বিক্রমপুর বৌদ্ধবিহার এবং শ্রীনগরের বালাশুরে যদুনাথ রায়ের বাড়িতে নির্মিত বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।