সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
অগণতান্ত্রিক শক্তি আর যেন সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে না পারে
গণতন্ত্র রক্ষায় অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তির মতো সশস্ত্র বাহিনীকে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আর যেন কোনো অগণতান্ত্রিক শক্তি সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে কোনো অবস্থাতেই দলীয় স্বার্থে ব্যবহূত হতে দেবে না। সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের ঊর্ধ্বে রাখা হবে।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিন বাহিনীর প্রধানেরাসহ সেনাবাহিনীর সর্বস্তরের প্রায় এক হাজার কর্মকর্তা উপস্থিত ছিলেন।বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতেই এ বৈঠকের আয়োজন করা হয়। এর আগে ২৪ মার্চ বগুড়ায় এক পথসভায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে?’ খালেদা জিয়ার এমন বক্তব্যের চার দিনের মাথায় প্রধানমন্ত্রী এসব কথা বললেন।বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সোয়া ১২টার দিকে। সকালে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও (প্রিন্সিপাল স্টাফ অফিসার) লে. জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।অনুষ্ঠানের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তিন বাহিনীর প্রধানেরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তিন বাহিনীর ১২ জন কর্মকর্তা তাঁদের অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সামরিক সচিব, প্রেস সচিব উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সামরিক বাহিনীর আত্মিক সম্পর্ক। আমার ভাই শেখ কামাল সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল। সে জেনারেল ওসমানীর এডিসি ছিল। শেখ জামাল রয়্যাল একাডেমি থেকে কমিশন পেয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। ছোট ভাই রাসেলেরও ইচ্ছা ছিল, বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। আমি আপনাদের মাঝে আমার ভাইয়ের মুখচ্ছবি দেখতে পাই।’প্রধানমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টি করতে নানামুখী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ অবধি সশস্ত্র বাহিনীতে যত উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।অতীতে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে বারবার গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ঘটনা মনে করিয়ে দিয়ে শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সশস্ত্র বাহিনীর পিঠে সওয়ার হয়ে সামরিক শাসন, স্বৈরশাসন এবং সন্ত্রাসের খড়্গ নেমে এসেছিল নিরীহ জনগণের ওপর। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা এসব অপশাসনের ফলে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। সশস্ত্র বাহিনী আমাদের একটি জাতীয় প্রতিষ্ঠান। এর নিজস্ব ভাবমূর্তিসহ পেশাগত দিক থেকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে যা প্রয়োজন, তা আমরা করব। সশস্ত্র বাহিনীর সব কার্যক্রম ও ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্বার্থে একে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা অপরিহার্য।’শেখ হাসিনা বলেন, ‘সশস্ত্র বাহিনীর সব স্তরে চেইন অব কমান্ড কোনো ধরনের সংশয় ছাড়াই সচল রাখতে হবে। আমরা একটা পেশাদার সশস্ত্র বাহিনী চাই। সশস্ত্র বাহিনীর সদস্যরা হবেন সুদক্ষ, সুশিক্ষিত ও সুশৃঙ্খল। ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে কোনো দূরত্ব থাকা মোটেই কাম্য নয়।’প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে, ঠিক তখনই একটি অশুভ শক্তি ধর্মকে পুঁজি করে বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়ে উঠেছে। তারা সারা দেশে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা জঙ্গিবাদী রাষ্ট্র চান, নাকি গণতান্ত্রিক প্রগতিশীল রাষ্ট্র চান। প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ইসলামবিরোধী বলে চিহ্নিত করতে নানামুখী তৎপরতা শুরু করেছে। কিন্তু আওয়ামী লীগ ধর্মভীরু কোমলমতি মানুষের সংগঠন। ইসলাম ও বাঙালি মুসলমানদের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছে আওয়ামী লীগ।’প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তথাকথিত বিপ্লবের নামে এক নারী কর্মকর্তাসহ ২৫ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। এরপর ’৭৭ সালের যে ক্যু হয়, তাতে বিমানবাহিনীর ৫৬২ জন কর্মকর্তা নিহত হন। এভাবে ৭৫-এর পর ১৯টি ক্যু হয়েছিল। ১৯৯১ সালের ১ ডিসেম্বর নওগাঁয় ও ৩ ডিসেম্বর পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছিল। তখন যথাযথ ব্যবস্থা নিলে ২০০৯-এর বিদ্রোহ হতো না।মতামত: বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ১২ জন কর্মকর্তা তাঁদের অভিমত তুলে ধরেন। একজন কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনী ইতিমধ্যে বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করছে। আরও কিছু শিল্পকারখানার অনুমতি দেওয়া হলে তা দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। আরেকজন বলেন, অনেকে চিকিৎসার জন্য বিদেশে গিয়ে প্রচুর অর্থ খরচ করছেন। সেনাবাহিনীর চিকিৎসাব্যবস্থা সম্প্রসারণ করা হলে মানুষকে কম খরচে চিকিৎসা দেওয়া যেত। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য শুল্কমুক্ত পণ্য সরবরাহের প্রস্তাব দেন আরেক কর্মকর্তা। একজন বলেন, বেশির ভাগ নদীই দিনে দিনে নাব্যতা হারাচ্ছে। নদীগুলো খননের কাজ সেনাবাহিনীকে দেওয়া হলে তা ভালোভাবে সম্পন্ন করা যেত।নৌবাহিনীর একজন কর্মকর্তা বলেন, নৌবাহিনীর সদস্যরা সমুদ্রে ঝুঁকিপূর্ণ কাজ করছেন। কিন্তু এ জন্য তাঁদের বিশেষ কোনো ভাতা নেই। নৌবাহিনীর সদস্যদের জন্য ‘সমুদ্রভাতা’ দেওয়া যায় কি না, ভেবে দেখা যেতে পারে। এক কর্মকর্তা সমুদ্রে গবেষণার জন্য একটি বিশেষ ধরনের জাহাজ রাখার সুপারিশ করেন।বিমানবাহিনীর একজন কর্মকর্তা বলেন, বিমানবাহিনীতে জিডি পাইলটের স্বল্পতা দেখা দিয়েছে। এ পদে কারও আগ্রহ নেই। ঝুঁকিভাতা বাড়ালে এ পদে লোকজনের আগ্রহ বাড়বে।