অগণিত মুসল্লির জুমার নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার বিপুলসংখ্যক মুসল্লি মসজিদগুলোতে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করেন। এ বছর রমজান মাস ২৯ দিনে শেষ হলে আজ শুক্রবার ছিল জুমাতুল বিদা বা রমজান মাসের শেষ জুমা। রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে অবশ্য জুমাতুল বিদা হবে আগামী শুক্রবার। তবে আজকেই জুমাতুল বিদা ভেবে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে অগণিত ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করতে আসেন। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ মর্তবাপূর্ণ। জীবন যাপনের সব পাপ থেকে মহান আল্লাহর ক্ষমাভিক্ষা ও পুণ্য লাভের আশায় জুমাতুল বিদায় অংশ নেন অসংখ্য মুসল্লি। রাজধানীর মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মসজিদের ভেতরে স্থানাভাবে ছাদে ও সামনের পথের ওপর চট, মাদুর, জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের জন্য জায়গা করে দেওয়া হয়। পশ্চিম রাজাবাজার জামে মসজিদের ইমাম এ টি এম হেমায়েতউদ্দিন প্রথম আলোকে বলেছেন, ‘রমজান মাসের নামাজে অন্য সময়ের চেয়ে বেশি সোয়াব পাওয়া যায়। জুমাতেও অনেক মানুষের ভিড় হয়। রোজার শেষ জুমাতে মানুষ পুণ্যের আশায় মসজিদে আসেন। তবে দিনটিতে বেদনাও থাকে। রহমত ও নাজাতের মাসের বিদায় বেলায় অনেকের মনে দুঃখবোধও থাকে।’ আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় ছিল লক্ষণীয়। মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন জুমার খুতবার আগের বক্তব্যে বলেন, ‘রোজা ২৯ হবে না ৩০ হবে তা একমাত্র আল্লাহই বলতে পারেন। ২৯ রোজা হলে আজ জুমাতুল বিদা। আর ৩০ রোজা হলে আগামী শুক্রবার হবে জুমাতুল বিদা।’জুমার নামাজে বায়তুল মোকাররম মসজিদে তিল ধারণের ঠাঁই ছিল না। আজানের আগেই মসজিদের নিচতলা মুসল্লিতে ভরে যায়। বেলা দেড়টার দিকে মসজিদের ভেতরে ঢুকতে না পেরে মুসল্লিরা উত্তর পাশের রাস্তায় যে যার মতো করে বসে যান। জায়নামাজ, বিছানা, খবরের কাগজ, গামছা বিছিয়ে মুসল্লিরা রাস্তায় জামায়াতে শরিক হন। নামাজের সময় মুসল্লিদের দীর্ঘ সারি মসজিদের উত্তর গেটের জনতা ব্যাংক থেকে পূর্বদিকে জাতীয় ক্রীড়া ভবনের কাছাকাছি চলে যায়।জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে মোনাজাত করেন মাওলানা সালাহউদ্দিন। তিনি ব্যক্তি জীবনে কল্যাণের পাশাপাশি মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করেন। অগণিত মুসল্লি ‘আমিন, আমিন’ ধ্বনিতে মোনাজাতে শরিক হন। পারস্পরিক মতবিরোধ ভুলে ঈদের দিন উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হতে তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।