অগৌরবও কম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 টেস্টে টানা সবচেয়ে বেশি হার। ২০০১ নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ২০০৪ ফেব্রুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে হারারে টেস্ট পর্যন্ত ২১টি। এক দিনে কোনো দলের সবচেয়ে বেশি রান করার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। ২০০২ সালে শ্রীলঙ্কা কলম্বোর পি সারানামুত্তু স্টেডিয়ামে এক দিনেই তুলেছিল ৫০৯ রান। এক ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডের ভুক্তভোগী বাংলাদেশ। ২০০১ সালের মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র ইনিংসে পাঁচজন ব্যাটিং করেছিলেন, সেঞ্চুরি ছিল পাঁচজনেরই। ১৯৫৫ সালে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও ছিল পাঁচ সেঞ্চুরি। এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্যের লজ্জা বাংলাদেশের। ২০০২ সালের ডিসেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৮৭ রানের ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন ৬ ব্যাটসম্যান। এই রেকর্ডে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। নাইটওয়াচম্যানের একমাত্র ডাবল সেঞ্চুরিটি বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে চট্টগ্রামে ২০১ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। খুবই বিব্রতকর রেকর্ড, তবে রেকর্ডটি হওয়ায় যাঁর পাশে বসতে পেরেছেন, সেটিকে ‘সান্ত্বনা’ মনে করতে পারেন হান্নান সরকার! টেস্ট ম্যাচের প্রথম বলেই একাধিকবার আউট হয়েছেন হান্নান ছাড়া আর কেবল একজনই—সর্বকালের অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কার। দুজনই আউট হয়েছেন তিনবার করে।  উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ডটা বাংলাদেশের বিপক্ষেই। ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি ৪১৫ রানের জুটি গড়ে ভেঙে দেন ভারতের ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের গড়া ৫২ বছরের পুরোনো ৪১৩ রানের রেকর্ড। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে ২০১ রান করার পর মারভান আতাপাত্তু ও ১৫০ করার পর মাহেলা জয়াবর্ধনে অন্যদেরও ব্যাটিংয়ের সুযোগ দিতে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। টেস্ট ইতিহাসে ‘রিটায়ার্ড আউট’ শব্দযুগল ঢুকে গেছে এই দুজনের সৌজন্যেই। ওই টেস্টেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে কিছুটা মান বাঁচিয়েছিলেন আশরাফুল। এক ইনিংসে ওভার প্রতি সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড শাহাদাত হোসেনের। ২০০৫ সালের লর্ডস টেস্টে অভিষিক্ত শাহাদাত ১২ ওভারে দিয়েছিলেন ১০১ রান, ওভারপ্রতি ৮.৪১! এর পরও যে খুব একটা ‘কৃপণ’ হতে পারেননি, তার প্রমাণ কমপক্ষে ২০০০ বল করেছেন, এমন বোলারদের মধ্যেও টেস্ট ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার শাহাদাতই।  সবচেয়ে কম রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। ২০০২ সালের ডিসেম্বরে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন লসনের বোলিং বিশ্লেষণ ছিল—৬.৫-৪-৩-৬!গ্রন্থনা: আরিফুল ইসলাম