অগ্নি কি আগুন ঝরাবে এশিয়ায়
গতকাল বৃহস্পতিবার ভারত প্রথমবারের মতো সফলভাবে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে। পাঁচ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের নাম অগ্নি-৫। যা কি না নিমিষেই আঘাত হানতে পারবে চীনের বেইজিং ও সাংহাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এতে করে এ অঞ্চলে আবারও নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেল? শুধু এশিয়া নয়, অগ্নি-৫-এর মাধ্যমে ভারতের আওতায় চলে এল ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ প্রায় গোটা ইউরোপ ও আফ্রিকার একাংশ। অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ ভারতকে নিয়ে গেল অন্য রকম উচ্চতায়। দেশটি এখন পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মালিক দেশগুলোর তালিকায় চলে এল। যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে এখন থেকে ভারতের নামও উচ্চারিত হবে।বুলেটের চেয়েও দ্রুতগতির অগ্নি-৫-কে একবার উৎক্ষেপণ করা হলে আর থামানো যাবে না। এক হাজার কিলোগ্রাম ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি দেশের যেকোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যাবে। প্রয়োজনে বিশেষ গাড়ির সাহায্যে রাস্তার পাশ থেকেও উৎক্ষেপণ করা যাবে। এতে খরচ পড়েছে আড়াই হাজার কোটি ভারতীয় রুপি বা ৪৮ কোটি মার্কিন ডলার।বলা হচ্ছে, অগ্নি-৫-এর উৎক্ষেপণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার আগুনে ঘি ঢেলে দিল। এরই মধ্যে এ অঞ্চলে সামরিক শক্তির আধুনিকীকরণে ব্যাপক হারে অর্থ ব্যয়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীন ও মার্কিনিদের অস্ত্র প্রতিযোগিতা আগেই ছিল। গত মার্চে চীন তার সামরিক বাজেট দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি চীনকে টপকে ভারত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র ক্রেতা দেশ। কারণ, চীন এখন ঘরোয়াভাবে অস্ত্র তৈরির দিকে ঝুঁকেছে। শান্তি ও নিরাপত্তা বিষয়ে কূটনীতিকদের প্রশিক্ষণ দেওয়া সংস্থা ‘জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসি’র অধীন ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রাম’-এর প্রধান গ্রায়েম পি. হার্ড বলেন, অগ্নি-৫ উৎক্ষেপণের মাধ্যমে পূর্ব এশিয়ায় বিশেষ করে ভারত ও চীনের মধ্যে বিরাজমান উত্তেজনা যেন আরও বেড়ে গেল। হার্ড বলেন, চীনের শীর্ষস্থানীয় এক নেতার কোনো এক কেলেঙ্কারি নিয়ে দেশটি ব্যস্ত; আর এর পরই প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে চীন উদ্বিগ্ন। এতে দেশটি অস্ত্র মজুদ করছে এবং পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার চেষ্টা করছে। ভারতে অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ ব্যাপকভাবে উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং এটাকে দেশের জন্য গৌরব আখ্যায়িত করে বলেছেন, ‘আমাদের নিরাপত্তার নিশ্চিত করার পথে এটি আরেকটি মাইলফলক। এই সফল উৎক্ষেপণ প্রমাণ করে আমরা নতুন আবিষ্কারের দিকে অগ্রসর হচ্ছি।’ দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, ‘ভারত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী কুলীন দেশের কাতারে ঢুকে পড়ল।’ গত শুক্রবারে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের কড়া সমালোচনাকারী যুক্তরাষ্ট্র ভারতের অগ্নি-৫-এর ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সে দেশের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা মার্ক সি. টোনার বলেন, ‘আমরা পরমাণু শক্তিধর সব দেশকে পরমাণু অস্ত্রের অনুশীলন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, পরমাণু অস্ত্রের বিস্তার রোধে ভারতের সুনাম রয়েছে। এদিকে প্রাথমিক প্রতিক্রিয়ায় চীন চুপচাপ ছিল। দেশটির সংবাদ সংস্থায় বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেছেন, ‘ভারত ও চীন প্রতিযোগী নয়, বরং তারা সহযোগী।’ তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ধরে রাখার জন্য দুই দেশকে কাজ করে যেতে হবে। আর এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার দরকার আছে। এদিকে চীনের গণমাধ্যমে অগ্নি-৫-কে নিয়ে কটাক্ষ করে খবর প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীনের রাষ্ট্রচালিত টেলিভিশন সিসিটিভি বলেছে, ‘ক্ষেপণাস্ত্রটি আদৌ কোনো হুমকি বহন করে না।’ টেলিভিশন চ্যানেলটি অগ্নি-৫-এর যথাযথ পরিচালন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সেখানে বলা হয়, ৫০ টনের বেশি ওজনের এই ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট স্থান থেকেই কেবল উৎক্ষেপণ করা যাবে। বেশি ওজনের কারণে এটির উৎক্ষেপণ ভ্রাম্যমাণ স্থান থেকে করা যাবে না। এ ছাড়া এটি কঠিন লক্ষ্য ভেদ করতে পারবে না।কিন্তু, ভারতের প্রতিবেশী ও ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্যিক বন্ধন বেড়েছে। তারা আশা করছে, বহুদিনের উত্তেজনা এবার হয়তো শেষ হয়ে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, ‘অগ্নি-৫-এর আওতায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে চীনের ওপর। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সশস্ত্র বাহিনীর বিষয়ে বিশেষজ্ঞ পূর্ণিমা সুব্রামনিয়ম বলেন, ‘অগ্নি-৫-এর মাধ্যমে ভারত ও চীনের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত ব্যবধান কমে গেল। যদিও কৌশলগত উপায়ে চীন এখনো এগিয়ে।’ অগ্নি-৫-এর উৎক্ষেপণের বিষয়টি বহুদিন ধরে চলে আসা ভারতের পরমাণু কর্মসূচির একটি অংশ মাত্র। ১৯৮৩ সালে ভারত তার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি শুরু করে। বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতায় ভুগেছে তারা। গত নভেম্বরে দেশটি অগ্নি-৪ নামে তিন হাজার ৫৪২ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। শিগগিরই তা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এরই মধ্যে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে অগ্নি-৫ ভারতীয় সেনাবাহিনীর কাছে যাবে।অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের মিশন পরিচালক অবিনাশ চন্দ্র গতকাল ভারতের টাইমস নাউ নিউজ চ্যানেলকে বলেন, ‘এই মিশনে আমরা যা চেয়েছি ঠিক তা-ই পেয়েছি।’ সরকারি অনুদানে পরিচালিত ভারতের ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের এক বিশেষজ্ঞ উইং কমান্ডার অজেয় লেলে বলেন, চীনের প্রতিটি ক্ষেপণাস্ত্র কমপক্ষে ১০ হাজার কিলোমিটার এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র অন্তত এক হাজার ২০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। কাজেই দুই পাশে দুই সশস্ত্র শত্রুকে নিয়ে ভারতেরও ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজন। অবশ্য কোনো কোনো ভারতীয় জটিল ও ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন। পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তি বিষয়ে এক গবেষক ও কলাম লেখক প্রফুল বিদোয়াই বলেন, ‘বিষয়টি হাস্যকর। দেশের কোটি কোটি দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ না করে এভাবে মূল্যহীন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছি আমরা।’ তিনি বলেন, ‘চীন নিশ্চিত করেছে ভারতকে তাক করে সে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। অথচ, ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সরাসরি চীনের দিকেই নির্দেশ করছে।’