অগ্নি-প্রতিরোধ আইনটি মানা হচ্ছে না
অগ্নি-প্রতিরোধ আইনটি যথাযথভাবে পালন করছে না অধিকাংশ প্রতিষ্ঠান। অনেকে সনদ নেওয়ার পরও শর্ত ভঙ্গ করছে। আবার অনেকে সনদ না নিয়ে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দেখা গেছে, অনেকে কারখানা, গুদামঘর, শিল্পপ্রতিষ্ঠান ও বহুতল ভবনে ফায়ার সার্ভিসের সনদ নেই। আবার যারা সনদ নিয়েছে, তারাও সঠিকভাবে শর্ত পালন করছে না।যেসব প্রতিষ্ঠানে লাইসেন্স নেয়নি এবং যারা নিয়েছে, সে ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো তদারকির ব্যবস্থা নেই। এ কারণে লাইসেন্স না নিয়েই লোকজন অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনেকে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ, সূত্রাপুর, শ্যামপুর ও রাজধানীর অদূরে কেরানীগঞ্জসহ কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে দুই লাখের ওপরে। কিন্তু ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নেওয়া হয়েছে মাত্র দুই হাজার ৯১১টি। এর মধ্যে ১২৭টি পোশাক কারখানা, দুই হাজার ৭৪০টি শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ দোকান ৪৪টি। অগ্নি-প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ৪ ধারায় মালগুদাম বা কারখানার সনদ সম্পর্কে বলা আছে, যেকোনো ব্যক্তি কোনো ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসেবে ব্যবহার করতে চাইলে মহাপরিচালকের কাছ থেকে সনদ নিতে হবে। ৪ ধারা লঙ্ঘন করলে ১৭ ধারায় এর শাস্তির বিধান রয়েছে। এতে বলা আছে, কোনো ব্যক্তি সনদপ্রাপ্ত না হয়ে কোনো ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসেবে ব্যবহার করেন, তা হলে অন্যূন তিন বছরের কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং ওই ভবন বা স্থানের যাবতীয় মালামাল বাজেয়াপ্ত হবে।১৮ ধারায় সনদের শর্ত ভঙ্গের শাস্তি হিসেবে অন্যূন ছয় মাসের কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। ২১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি এ আইন বা নির্ধারিত বিধান লঙ্ঘন করে কোনো ভবন বা স্থানে দাহ্যবস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সংকোচন বা বাছাই করেন, তাহলে তিনি অন্যূন দুই বছরের কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।লাইসেন্সের অন্যতম শর্ত থাকে, কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় এসব কলকারখানা স্থাপন করা যাবে না। এসব নিয়মের লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এমনকি এ ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের মহাপরিচালক বা তাঁর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মামলাও করতে পারে (ধারা: ২৪)। এ আইনের প্রয়োগ সম্বন্ধে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ ‘আইন অধিকার’কে বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকায় ১৩টি মামলা হয়। এ সময় আমরা প্রায় ৬৮টি স্থাপনায় অভিযান চালাই। সাম্প্রতিক সময় এ বিষয়ে আরও কঠোরতা অবলম্বন করা হচ্ছে।’ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, আবাসিক বাড়িতে রাসায়নিক গুদাম করা যে অপরাধ, সে ব্যাপারে আইনে সরাসরি উল্লেখ নেই। এটি সংশোধনের দাবি জানান তিনি। লাইসেন্স নেওয়ার পর সঠিকভাবে শর্ত পালন করা হচ্ছে কি না, সে ব্যাপারে ফায়ার সার্ভিসের নজরদারি বাড়াতে হবে বলে জানান।