অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
রাজধানীর অনেক বহুতল ভবন নির্মাণে অগ্নিনির্বাপকব্যবস্থা যথাযথভাবে পালন করা হয়নি। নেওয়া হয়নি দমকল বাহিনীর ছাড়পত্রও। আবার কারখানা তৈরিতে দমকল বাহিনীর লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও তা পালন করা হচ্ছে না। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চারটি বহুতল ভবনে অভিযান চালালে বিষয়গুলো ধরা পড়ে।আজ বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত কারওয়ানবাজারে ‘ডিজাইন অ্যান্ড সোর্স’ নামক তৈরি পোশাকের কারখানায় অভিযান চালান। এ সময় দেখা যায়, ওই প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দমকল বাহিনীর লাইসেন্স গ্রহণ না করে কারখানা পরিচালনা করছেন। এ ছাড়া পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত লাইসেন্স গ্রহণ করলেও সেখানকার অগ্নিনির্বাপক যন্ত্রগুলো ছিল অকেজো। সেখানে পর্যাপ্ত অগ্নিপ্রতিরোধের কোনো ব্যবস্থাও ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত একই এলাকার হাসনে টাওয়ারে অভিযান চালান। ওই ভবনের মালিক ভবন নির্মাণের আগে-পরে দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়েই ভবন চালু করেছেন। এ ছাড়া অগ্নিনির্বাপকব্যবস্থা যথাযথভাবে পালন করা হয়নি। সেখানে জরুরি নির্গমনের কোনো ব্যবস্থাও রাখা হয়নি। মালিকপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ কর্তৃপক্ষ স্বীকার করেন। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। মালিকপক্ষ থেকে সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করা হয়।একই আদালত রাজধানীর ২/সি, পুরানা পল্টনে অবস্থিত ১৬ তলা শাওন টাওয়ারে অভিযান চালান। ভবনের মালিক নির্মাণের আগে-পরে দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়ে সেখানে আবাসিক ও বাণিজ্যিকভাবে বাড়িভাড়া দিয়েছে। এ ছাড়া ভবনের অষ্টম তলায় একমাত্র জরুরি নির্গমনব্যবস্থা থাকলেও অন্যান্য তলায় নেই। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত একই এলাকার ১৬ তলা নোয়াখালী টাওয়ারে অভিযান চালান। ওই ভবনের মালিকও নির্মাণের আগে-পরে দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়ে আবাসিক ও বাণিজ্যিকভাবে ভাড়া দিয়েছেন। সেখানেও কোনো জরুরি নির্গমনব্যবস্থা ছিল না। এই অপরাধে আদালত ভবনের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক আবদুর রশিদ বলেন, নিয়ম অনুযায়ী যেকোনো কারখানা ও বহুতল ভবন নির্মাণে দমকল বাহিনীর লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তা যথাযথভাবে পালন করা হয়নি। তাদের নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। পোশাককারখানার মালিক তিনটি ফ্লোরে লাইসেন্স না নিয়ে কারখানা পরিচালনা করেছেন।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, লাইসেন্স না নিয়ে কারখানা চালু করা এবং লাইসেন্স নেওয়ার পরও যথাযথ অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না রাখায় অগ্নি প্রতিরোধ আইন ২০০৩-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।