অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
রাজধানীর নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে। আজ রোববার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেন।মন্ত্রী বলেন, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢাকার জেলা প্রশাসকের নেতৃত্বে ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ চলছে। আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে চলছে ঘটনার তদন্তকাজ।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে যাদের বসবাসের জায়গা নেই, তাদের আপাতত স্থানীয় কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে।মন্ত্রী জানান, নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের লাশ হিমাগারে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত হয়েছে মোট ১১৭ জন। আহতদের মধ্যে ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ১৪ জনকে প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহতদের সরকারি খরচে চিকিত্সা দেওয়া হচ্ছে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা এবং আহতদের চিকিত্সাব্যয়ের বাইরে আনুষঙ্গিক খরচের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।জাতীয় সংসদে রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন ধসে শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ রোববার অধিবেশনের শুরুতেই স্পিকার শোকপ্রস্তাবটি উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে এ দুটি দুঘটনায় আহতদের আরোগ্য কামনা করা হয়।এর আগে অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ শোকপ্রস্তাব উপস্থাপন করে বলেন, ‘রাজধানীর এ নির্মম দুটি দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়েছেন। জাতীয় সংসদ তাঁদের প্রানহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছে।’এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের অধিকাংশ সাংসদ উপস্থিত ছিলেন। তবে গত বৃহস্পতিবারের মতো আজও সংসদে ফেরেনি বিরোধী দল।