অগ্নিকাণ্ডে বইমেলায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের বইমেলায় গতকাল রোববার রাতের অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রকাশকেরা। আজ সোমবার সকালে একাডেমী প্রাঙ্গণে প্রকাশকেরা বৈঠক করে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেন বলে জানান কিশোর ভুবন পাবলিশার্সের কর্ণধার শাহনাজ বেগম।গতকাল রাত একটা পাঁচ মিনিটে বাংলা একাডেমীর পুকুরপাড়সংলগ্ন ধীরেন্দ্রনাথ চত্বরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের স্টলগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি উপস্থিত সাংবাদিকদরে বলেন, এ ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বিষয়টি দ্রুত তদন্ত করার আহ্বান জানান।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মো. মাহবুব প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা এ বিষয়ে বৈঠক করছি। আজকের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’মেলায় সর্বক্ষণ থাকা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জামিল আহমেদ জানান, বাংলা একাডেমীর মিলনায়তনের দেয়াল ঘেঁষে সিসি ক্যামেরার বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে। আর গতকাল রাতে প্রচণ্ড বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে মোট ২৭টি স্টল পুড়ে গেছে।পুস্তক প্রকাশক সমিতির কার্যনির্বাহি কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি বলেন, আগুনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার যেন এর ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে। বইমেলার সময় বাড়ানোর ব্যাপারে তিনি বেশ আশাবাদী। শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) এম এ জলিল জানান, মেলা কর্তৃপক্ষ বা একাডেমীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।