অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে দুটি কমিটি, লাশ স্বজনের কাছে হস্তান্তর
গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় আগুন লেগে গতকাল রাতে নিহত ২১ জনের লাশ আজ শুক্রবার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তিন সদস্যের এবং তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।অগ্নিকাণ্ডে নিহতেরা হলেন কারখানার লিংকিং সেকশনের অপারেটর কুমিল্লার রানী আক্তার, গাইবান্ধার রওশন আরা বেগম, রহিমা আক্তার, জাহানারা বেগম, সিরাজগঞ্জের মমতাজ বেগম, নরসিংদীর সাফিয়া বেগম, রংপুরের শান্তনা ও তাঁর মা জরিনা বেগম, মোস্তাফিজুর রহমান, শাহিনুর, সালমা আক্তার, ঠাকুরগাঁওয়ের আলমগীর হোসেন, বরিশালের ফরিদ হোসেন, ফরিদপুরের সুফিয়া বেগম, জরিনা আক্তারও ফরিদা বেগম, ময়মনসিংহের হালুয়াঘাটের রহিমা খাতুন, মজিদা, আবুল কাসেম, মাজেদা বেগম ও প্রদীপ কুমার দে।সরেজমিনে গিয়ে সর্বস্তরের মানুষ, দায়িত্বরত সরকারি কর্তৃপক্ষ ও সদর হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ আগুনের তীব্র কালো ধোঁয়া (কার্বন) বলে মনে করা হচ্ছে।কারখানার মালিকপক্ষ প্রাথমিকভাবে প্রত্যেক মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা এবং লাশ বহন করা গাড়ির খরচ বাবদ ১৫ হাজার টাকা করে দিয়েছে। লাশবাহী প্রতিটি গাড়ির সঙ্গে একজন করে পুলিশ কনস্টেবলকে পাঠানো হয়েছে।এদিকে বিজিএমইএ সূত্র জানিয়েছে, সমিতির পক্ষ থেকে নিহতদের ক্ষতিপূরণে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হবে। পরিবারের কেউ উপযুক্ত থাকলে তার চাকরি দেওয়া হবে। একই সঙ্গে আহতের চিকিত্সার ব্যবস্থা নেওয়া হবে।