গাজীপুর সড়ক ভবনের সামনে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা আশুলিয়ায় নিশ্চিন্তপুরে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিত্সা খরচ এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।বিক্ষোভ করার সময় শ্রমিকেরা অগ্নিকাণ্ডে নিহত ও আহত সহকর্মীদের প্রতি সমবেদনা জানাতে কালো ব্যাজ পরেন এবং কালো পতাকা বহন করেন। শ্রমিকদের অভিযোগ, তাজরীন ফ্যাশনসের মালিক-কর্মকর্তারা ওই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত।গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের জেলা সভাপতি মো. দুলাল হোসেন দাবি করেন, তাজরীন ফ্যাশনসের কর্তৃপক্ষ ব্যাংক ঋণ ও শ্রমিকদের পাওনা এড়াতে এবং বিমার ক্ষতিপূরণের অর্থ আদায় করতে পরিকল্পিতভাবে ওই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তিনি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সমাবেশ শেষে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালো পতাকা হাতে নিয়ে মিছিল করেন। গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকার শ্রমিকেরাও একই কর্মসূচি পালন করেন। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. দুলাল হোসেন। বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমল দেব রানা, জয়দেবপুর থানা সভাপতি মোমিনুর রহমান, শ্রীপুর থানা সভাপতি সফিউল আলম, টঙ্গী থানা সভাপতি মোহন মিয়া, টঙ্গী থানার প্রচার সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। গত শনিবার সন্ধ্যায় তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুন লাগে। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। সরকারি হিসাবমতে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ১১১ জনের প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক।