অগ্নিকাণ্ডের প্ররোচনাকারীদের খুঁজে বের করতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক কারখানার অগ্নিকাণ্ডে প্ররোচনাকারীদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা টাকার বিনিময়ে পোশাক কারখানায় আগুন দিতে শ্রমিকদের প্ররোচিত করছে, তাদের খুঁজে বের করতে হবে।’ আজ নিজ কার্যালয়ে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ ধরনের ধ্বংসাত্মক খেলা দুর্ভাগ্যজনক।’প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দিচ্ছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি জানি, যাঁরা জীবন হারিয়েছেন, তাঁদের ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের সাহায্য অব্যাহত থাকবে।’আশুলিয়ায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসেতুর গার্ডার ধসে ক্ষতিগ্রস্তদের জন্য সাধ্যমতো সহায়তা করবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের জীবনধারণে যেন কোনো সমস্যা না হয় এ জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।’ তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আশা-আকাঙ্ক্ষা খানখান হয়ে গেছে।শেখ হাসিনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজিএমইএ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) ও লী অ্যান্ড ফান্ডকে ধন্যবাদ জানান।