অগ্নিঝরা গ্রীষ্মে আগুনরাঙা ফুল
কে জানে কে এর নাম দিয়েছিল ‘রুদ্রপলাশ’! বৈশাখের এই তাপদগ্ধ রুদ্র দিনের সঙ্গে এর আগুনরাঙা ফুলগুলো এত মানিয়ে যায় যে অন্য কোনো নাম হলে হয়তো এমন মনোলোভা মনেই হতো না। ভালো লাগার আবেগকে সঞ্জীবিত করতে নামেরও যে একটা বিশেষ আবেদন আছে, রুদ্রপলাশের দিকে তাকিয়ে সেই অনুভূতি হয়। নামে মিল থাকলেও আমাদের চেনা পলাশগাছের সঙ্গে রুদ্রপলাশের বিশেষ মিল নেই। বিশালাকার বৃক্ষ, কাণ্ড গড়পড়তা গাছের চেয়ে একটু আলাদা। অমসৃণ, অনেকটা কামরাঙার মতো খাঁজকাটা। খানিকটা ওপর থেকে উঠে গেছে একহারা গড়নের গগনচুম্বী শাখা। একেবারে ওপরে অজস্র প্রশাখা নিজেদের মেলে দিয়েছে সবুজ ছাতার মতো। সেখানে সবুজ পাতার মাঝে থোকায় থোকায় রক্তরাঙা ফুল।রুদ্রপলাশের দুটি গাছ আছে রমনা উদ্যানে। একটি উত্তরে শেরাটনের কোনায় রমনা নার্সারির ভেতরে। অন্যটির দেখা মিলবে দক্ষিণে স্টারগেট দিয়ে ঢুকে খানিকটা এগিয়ে এলে, আগে যেখানে চিড়িয়াখানা ছিল, তার কাছেই। দুটিই বিশাল আকৃতির গাছ। ফলে বেশ খানিকটা দূর থেকেই এগুলোর মাথায় রক্তিম বর্ণচ্ছটা চোখে পড়ে।আদি নিবাস আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে। সেই শুকনো অঞ্চলে প্রতিবছর এর সব পাতা ঝরে গিয়ে ফের নতুন কিশলয়ে রিক্ত শাখা ভরে ওঠে। আমাদের এখানে ঠিক তেমন করে পাতা ঝরে না বলে জানিয়েছেন নিসর্গী দ্বিজেন শর্মা তাঁর ফুলগুলি যেন কথা বইতে। লম্বায় ২০ মিটার পর্যন্ত হতে পারে রুদ্রপলাশ। বাকল পুরু। তাতে তিলের মতো ফুটকি। এত বড় গাছ কিন্তু সে তুলনায় পাতা বেশ ছোটই। ডিম্বাকৃতির যৌগিক পাতা। সরু শাখার মাথায় লম্বা একটি পত্রবৃন্তের সঙ্গে বিপরীত দিকে বিজোড় সংখ্যায় বিন্যস্ত থাকে পাতাগুলো। এর বৈজ্ঞানিক নাম spathodea campanulata. রুদ্রপলাশের জন্মস্থানে এর নাম আফ্রিকান টিউলিপ। আমাদের পলাশের সঙ্গে এর মিল হলো, উভয়ই মূলত বসন্তের ফুল। শাখার ডগায় থোকায় থোকায় ফুটে ওঠে। রুদ্রপলাশের সবুজ কুঁড়িগুলোও পলাশের মতোই বাঁকা। অনেকটা টিয়া পাখির ঠোঁটের মতো। তবে পলাশের চেয়ে ফুলগুলো আকারে বড় এবং এর রংও উজ্জ্বল কমলা। আগুনের শিখার মতো। কুঁড়ি রসে ভরা থাকে। আমাদের পলাশ যেমন ফাল্গুনে ফুটে বসন্ত শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়, রুদ্রপলাশ ততটা ক্ষণকালের অতিথি নয়। পলাশের চেয়ে খানিকটা আগে শীতের শেষ দিক থেকে উন্মেষ, গ্রীষ্মজুড়েই ফুলে ফুলে রক্তিম হয়ে থাকে রুদ্রপলাশের শাখা।একে তো বিদেশি, তার ওপর আবার সচরাচর চোখেও পড়ে না। এ কারণেই বোধহয় রুদ্রপলাশ পলাশের মতো স্তবস্তুতি পায়নি কবি-সাহিত্যিকদের কাছে। এর পরও এই রৌদ্রকরোজ্জ্বল তপ্ত দিনে রুদ্রপলাশের দিকে তাকালে এর রূপলাবণ্যের মাধুরী মায়াবী অঞ্জনের মতো বহুদিন আঁকা থাকবে দৃষ্টিতে।