অগ্নিদগ্ধ আফরিন চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার অগ্নিদগ্ধ গৃহবধূ আফরিন সুলতানাকে আর বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসকেরা গতকাল রাতে তাঁকে মৃত ঘোষণা করেন।বার্ন ইউনিটের নিবন্ধক আশরাফুজ্জামান প্রথম আলোকে জানান, আফরিনের অবস্থার অবনতি ঘটায় গত শনিবার সন্ধ্যার পর তাঁকে ওয়ার্ড থেকে আইসিইউতে নেওয়া হয়। এত দিন কৃত্রিম উপায়ে আফরিনের শ্বাস-প্রশ্বাস চালানো হচ্ছিল। আগুনে তাঁর শ্বাসনালি পুড়ে গেছে।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি আফরিনের শাশুড়ি হালিমা খানমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গত শুক্রবার গ্রেপ্তার হওয়া শ্বশুর দুর্নীতি দমন কমিশনের সাবেক আইনজীবী আবদুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামি আফরিনের স্বামী মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় মাহবুবেরও দুই হাত ও এক পা পুড়ে গেছে।গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বংশালের আবুল হাসনাত রোডের বাসায় গৃহবধূ আফরিন সুলতানার (২৫) শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দাবিমতো যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ি এ কাজ করেছেন অভিযোগ করে আফরিনের বাবা তাঁদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করেছেন। তবে হাসপাতালে ভর্তির পর আফরিন সাংবাদিকদের বলেছিলেন, স্বামী ও শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন। এ সময় তাঁর স্বামী মাহবুবুল আলমও অগ্নিদগ্ধ হন।উল্লেখ্য, দুই বছর আগে আফরিন প্রেম করে মাহবুবকে বিয়ে করেন। গত ১৩ জানুয়ারি আফরিনকে আনুষ্ঠানিকভাবে তাঁর শ্বশুরবাড়িতে তুলে দেওয়া হয়।