অগ্নিদগ্ধ আফরিনের অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার অগ্নিদগ্ধ গৃহবধূ আফরিন সুলতানার অবস্থার অবনতি ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা-ধীন আফরিনকে শনিবার সন্ধ্যা থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।বার্ন ইউনিটের নিবন্ধক আশরাফুজ্জামান প্রথম আলোকে জানান, আফরিনের অবস্থার অবনতি ঘটায় গত শনিবার সন্ধ্যার পর তাঁকে ওয়ার্ড থেকে আইসিইউতে নেওয়া হয়। কৃত্রিম উপায়ে আফরিনের শ্বাস-প্রশ্বাস চালানো হচ্ছে। আগুনে তাঁর শ্বাসনালি পুড়ে গেছে।গতকাল রোববার আইসিইউতে আফরিনকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। তাঁর কষ্ট দেখে পাশে উপস্থিত স্বজনদের চোখ ভিজে আসে।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, হত্যাপ্রচেষ্টার এজাহারভুক্ত আসামি আফরিনের শাশুড়ি হালিমা খানমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গত শুক্রবার গ্রেপ্তার হওয়া শ্বশুর দুর্নীতি দমন কমিশনের সাবেক আইনজীবী আবদুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামি আফরিনের স্বামী মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় মাহবুবেরও দুই হাত ও এক পা পুড়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বংশালের আবুল হাসনাত রোডের বাসায় গৃহবধূ আফরিন সুলতানার (২৫) শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ি এ কাজ করেছেন অভিযোগ করে আফরিনের বাবা তাঁদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করেছেন। তবে হাসপাতালে আফরিন সাংবাদিকদের বলেছেন, স্বামী ও শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন। এ সময় তাঁর স্বামী মাহবুবুল আলমও অগ্নিদগ্ধ হন।