অগ্নিদগ্ধ আলেয়ার অবস্থার উন্নতি হয়নি
অগ্নিদগ্ধ তরুণী আলেয়ার অবস্থার উন্নতি ঘটেনি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেছেন, ‘আলেয়ার অবস্থার উন্নতি হয়নি। আগুনে তাঁর শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে এবং দুটো কিডনিই ক্ষতিগ্রস্ত হয়েছে।’গতকাল বার্ন ইউনিটের আইসিইউ উদ্বোধন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আলেয়ার চিকিৎসার খোঁজ নেন। তিনি উন্নত চিকিৎসার নির্দেশ দেন এবং দুষ্কৃতকারীদের উপযুক্ত বিচার হবে বলে আলেয়াকে আশ্বাস দেন। এদিকে আলেয়ার শরীরে আগুন লাগিয়ে দেওয়া খোকনের দুই সহযোগীকে পুলিশ তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি।মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, শুক্রবার খোকনের দুই দিনের রিমান্ডের প্রথম দিন অতিবাহিত হয়েছে। তিনি আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। খোকন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খোকন দুই সহযোগীকে নিয়ে গত বুধবার রাতে মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকের আলেয়ার শরীরে আগুন ধরিয়ে দেন।