অগ্নিদগ্ধ দুজনকে ক্ষতিপূরণ দেওয়া হবে
অবরোধের সময় ঢাকার সাভারের হেমায়েতপুরে অগ্নিদগ্ধ শাহাদাত হোসেনকে নতুন সিএনজিচালিত অটোরিকশা দেওয়া হবে। রাজধানীর বাবুবাজারে অগ্নিদগ্ধ খোকন মিয়াকে দেওয়া হবে নতুন মিনিট্রাক। আজ বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ওই দুই গাড়িচালকের অবস্থা দেখতে গিয়ে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে পুরান ঢাকায় নিহত বিশ্বজিত্ দাস হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।হরতাল-অবরোধসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের উসকানি ও মদদদাতাদেরও ছাড় দেওয়া হবে না জানিয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, এদের দমনে রাষ্ট্রের তরফ থেকে সর্বাত্মক ক্ষমতা প্রয়োগ করা হবে। যারা জনগণের ক্ষতি করে, তাদের ক্ষমা করার কোনো অবকাশ নেই। তিনি বলেন, অগ্নিদগ্ধ শাহাদাত ও খোকনের চিকিত্সার সব খরচ বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী চিকিত্সার পাশাপাশি শাহাদাতকে একটি নতুন অটোরিকশা ও খোকনকে একটি মিনিট্রাক দেওয়া হবে। হরতাল-অবরোধের সময় পুলিশ বাহিনীর দায়িত্ব পালনের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নির্ভীক থেকে সততার সঙ্গে কাজ করছে। এই পুলিশ বাহিনী গণতান্ত্রিক সরকারের পুলিশ। যতটা সহনশীলতার সঙ্গে কাজ করা দরকার, ততটাই তারা করছে।’কাল বৃহস্পতিবার আহূত হরতালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে নই। তবে কেউ যদি সন্ত্রাস করে এবং ফৌজদারি আইন ভঙ্গ করে, তাহলে শহরের নাগরিকদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’