অগ্নিদগ্ধ ১১ জনের অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের শিশু সায়েম মৃত্যুর সঙ্গে লড়ছে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গত বৃহস্পতিবার রাতের সেই ভয়াবহ আগুনে শিশুটির শরীরের অর্ধেকটাই পুড়ে গেছে। তার মতো সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালে আছে আরও তিনজন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এ রকম সাতজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক শহিদুল বারী প্রথম আলোকে জানান, সংকটাপন্নদের মধ্যে সাতজন বার্ন ইউনিটে ও চারজনকে সিএমএইচের আইসিইউতে রাখা হয়েছে। দুই হাসপাতালে চিকিৎসাধীন মোট ৩৯ জন। এদের মধ্যে যে ২৯ জনের অবস্থা খারাপ ছিল, তাদের ১৮ জনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, শয্যার অভাবে যাদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তাদের মধ্যে ১৭ জনকে শুক্রবার রাতে একটি কক্ষে স্থানান্তর করা হয়। রাতে ২৫ জনের ড্রেসিং করা হয় বলে অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান জাহাঙ্গীর কবির জানিয়েছেন।গতকাল দুপুরে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শরীরে ব্যান্ডেজ নিয়ে আহত ব্যক্তিরা কাতরাচ্ছে। আগের দিনের মতো গতকালও চিকিৎসক ও সেবিকারা চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। চিকিৎসার তদারক করছেন বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন ও অধ্যাপক মো. শহিদুল বারী। রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার কারণে গতকাল চিকিৎসক ও কর্মচারীরা কালো ব্যাজ পরে কাজ করেন। দিনভর স্বজনদের ভিড়ে অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসাসেবা ব্যাহত হয়—এমন অভিযোগ করেছে কর্তৃপক্ষ।রোগীদের চোখে-মুখে গতকালও আতঙ্কের ছাপ দেখা গেছে। পঞ্চম তলায় চিকিৎসা নিচ্ছেন গৃহবধূ শাবানা আক্তার (৩৫)। আগুনে তাঁর দুই পা ও হাত পুড়ে গেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে শাবানা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুই বাচ্চা রাতের খাবার খাচ্ছিল। এমন সময় হঠাৎ আগুনের গোলা টিনের ঘরের দরজা দিয়ে ঢুকে পড়ে।’ ছেলে শিফাতকে নিয়ে দৌড়ে ঘরের বাইরে গেলে শাবানার পায়ে আগুন ধরে যায়। তিনি অগ্নিদগ্ধ হলেও রক্ষা পেয়েছে ছেলেটি। আহত হয় তাঁর মেয়ে, মা ও নানি। তিনি জানান, এদের মধ্যে মারা গেছেন শুধু মা। মেয়েকে দেখার জন্য তিনি শুধুই কাঁদেন। শাবানার চাচতো ভাই আনোয়ার হোসেন ও বোন লাকি আক্তার জানান, ১০ বছরের মেয়ে রোকেয়া ও নানির মৃত্যুর কথা জানানো হয়নি তাঁকে। শাবানার বিয়ে হয় লাকসামে। স্বামী রুহুল আমিন পক্ষাঘাতগ্রস্ত, গ্রামেই থাকেন। কিছুদিন আগে শাবানা নিমতলীতে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শাবানার বাবা মোসলেমউদ্দিনও অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি সমান্য সরকারি চাকরিজীবী।স্কুলশিক্ষিকা ফৌজিয়া রহমানের হাত, পা ও মুখ এবং মেয়ে আলভি রহমানের সারা শরীর পুড়ে গেছে। আলভীর আইসিইউতে চিকিৎসা চলছে। ফৌজিয়া রহমান জানান, ঘটনার সময় তাঁর স্বামী দেলোয়ার হোসেন বাসার বাইরে থাকায় তিনি বেঁচে গেছেন। মেয়েকে নিয়ে তাঁদের চিন্তার শেষ নেই।বার্ন ইউনিটে শফিকুর রহমান (১৭), বিল্লাল হোসেন (২৭), নজরুল ইসলাম (৪০), কুদ্দুস মিয়া ( ৪০), উজ্জ্বল (২৬), আওলাদ হোসেন (৩৮), মামুন (৩৫), শুভ (৩৫), ফারুক হোসেন (২২), এনায়েতউল্লাহ (৩২), বাপ্পী (১৮), সালাম খান (২৫), আবুল কাশেম (৫৫), জসিম (২৫), সাদ্দাম হোসেন (২০), মামুন (২২), রফিকুল ইসলাম (১২), শিল্পী আখতার (২৭), ববিতা বর্মণ (২১), কোহিনুর বেগম (৩০), সুমাইয়া (৩৫) ও সাবের (৩৫) চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের প্রত্যেকের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। সামন্ত লাল সেন বলেন, তাঁদের সুস্থ হতে কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। গতকাল বিকেলে বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বার্ন ইউনিট থেকে বেরিয়ে রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের সান্ত্বনা দেওয়ার ভাষা তাঁর নেই। উদ্ধার-তৎপরতা ও চিকিৎসায় যাঁরা অংশ নিয়েছেন, রাষ্ট্রপতি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা একই পরিবারের সাতজনের লাশ তাঁদের স্বজনদের কাছে গতকাল হস্তান্তর করা হয়েছে। তাঁরা হলেন মকবুল হোসেন (৫০), স্ত্রী সাহার বানু (৪০), তাঁদের মেয়ে ফেরদৌসী (২৫) ও শারমিন (১৭), ছেলে সানি (২) ও নাতি ফাহিম (৩) এবং শারমিনের স্বামী সিদ্দিক মিয়া (২৮)। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া দুটি লাশ মর্গে পড়ে আছে। গতকাল পর্যন্ত তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি।