অগ্নিদগ্ধ ১৪ জনের অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়াদের মধ্যে ১৪ জনের অবস্থা এখনো সংকটাপন্ন। তাঁদের মধ্যে ১২ জন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও দুজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক মো. শহীদুল বারী জানান, খোঁজ নিয়ে তিনি জেনেছেন, সিএমএইচে চিকিৎসাধীন ১২ জনের অবস্থা সংকটজনক। তাঁদের শরীরের ২০ থেকে ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে। এর আগে ওই হাসপাতালে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন ১০ জনের অবস্থার অবনতি হয়েছে। অধ্যাপক বারী জানান, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সংকটাপন্ন সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা উন্নতির দিকে।সিএমএইচ, ঢাকা মেডিকেলের ওয়ার্ড ও বার্ন ইউনিট মিলিয়ে দগ্ধ ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, পোড়া ঘায়ে ব্যান্ডেজ নিয়ে ইউনিটের দ্বিতীয় তলায় ১৫ জন, পঞ্চম তলায় চারজন নারী, দুই শিশু এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্কুলছাত্রীসহ দুই নারী এবং আঘাতজনিত (ক্যাজুয়ালটি) ওয়ার্ডে এক যুবক কাতরাচ্ছেন। চিকিৎসকেরা জানান, ভিড় কমে যাওয়ায় জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে গেছে, ফিরে এসেছে চিকিৎসার স্বাভাবিক পরিবেশ। জানা গেল, বার্ন ইউনিটে চিকিৎসাধীন সবাই তাঁদের কোনো না কোনো প্রিয়জন হারিয়েছেন। তবে তাঁদের অনেককেই স্বজনদের মৃত্যুর খবর জানানো হয়নি।জেলা প্রশাসনের দুই কর্মী প্রধান ফটকের পাশে টেবিল বসিয়ে কাজ করছিলেন। কর্মীদ্বয় জানান, তাঁরা খোঁজ নিতে আসা লোকজনকে তথ্য দিচ্ছেন। অধ্যাপক শহীদুল বারী প্রথম আলোকে জানান, অবস্থার উন্নতি হওয়ায় গতকাল দগ্ধ দুজনকে বার্ন ইউনিট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পত্রিকায় সংকটাপন্নদের নাম প্রকাশ না করার অনুরোধ করে তিনি বলেন, এতে স্বজনদের ভিড়ের পাশাপাশি তাঁদের মধ্যে উৎকণ্ঠা বাড়বে। ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন জুয়েলের (৪৫) পিঠ ও বুক ঝলসে গেছে। আগুন থেকে রক্ষা পেতে ছয়তলা থেকে লাফ দিলে তাঁর ডান পা ভেঙে যায়। জুয়েল অভিযোগ করেন, সরকারি অনুদানের ১০ হাজার টাকা তিনি পাননি। অধিকাংশ ওষুধ তাঁকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।মর্গে এক লাশ: নিমতলীর অগ্নিকাণ্ডের শিকার একজনের বিকৃত লাশ এখনো মর্গে পড়ে আছে। গতকাল রাত পর্যন্ত লাশটি শনাক্ত হয়নি। গত বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১১৯ জনে উঠেছে। ঘটনায় আহত দেড় শতাধিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন।