অগ্নিনির্বাপণব্যবস্থা কাজে লাগেনি
তাজরীন ফ্যাশনসের তৃতীয় তলার খুঁটির সঙ্গে লাগানো অগ্নিনির্বাপক সিলিন্ডারটি একেবারেই আস্ত রয়েছে। দেখে বোঝা যায়, দুর্ঘটনার সময় এতে কারও হাত পড়েনি। দ্বিতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত প্রতিটি তলায় খুঁটিতে এভাবে ঝুলিয়ে রাখা আছে আটটি করে যন্ত্র। আগুন নেভানোর জন্য নিয়মিত মহড়াও হয়েছে কারখানাটিতে। কিন্তু দুর্ঘটনার সময় এসব কোনো কাজে আসেনি।শ্রমিকেরা বলেন, ঘটনার সময় সতর্কসংকেত বেজে ওঠে। তখন সবাই আগুন লেগেছে ভেবে নামতে গেলে দায়িত্বরত লোকজন জানান, কিছু হয়নি। অ্যালার্ম নষ্ট হয়ে গেছে। ঠিক করা হচ্ছে বলে কলাপসিবল গেটে তালা দিয়ে কাজ করতে বলা হয় শ্রমিকদের। এর পরই ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। সাভারের নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু অক্ষত থাকে আগুন নেভানোর সরঞ্জামগুলো। গত রোববার দুপুরে ওই কারখানায় গেলে শ্রমিকেরা জানান, তাজরীন ফ্যাশনসে আগুন নেভানোর জন্য নিয়মিত মহড়া হয়েছে। কারখানার ভেতর থেকে পাওয়া কাগজপত্রে দেখা গেছে, প্রতি মাসে সেখানে মহড়া হয়। অগ্নিনির্বাপণব্যবস্থা ঠিক আছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়েছে। সর্বশেষ ৫ নভেম্বরও এগুলো পরীক্ষা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে রোববার জানা যায়, এ কারখানার প্রতিটি তলা প্রায় ১৬ হাজার বর্গফুট। নিচের তলায় গুদাম, চিকিৎসাকেন্দ্র ও কার্যালয়। দ্বিতীয় তলায় শিশু পরিচর্যা কেন্দ্র। ওয়েবসাইটে দেখা যায়, এ কারখানায় আগুন নেভাতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী আছেন ৩০০ জন, অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে ৩৩৫টি। শিল্পাঞ্চল পুলিশের উপকমিশনার আবদুস সালাম প্রথম আলোকে বলেন, কারখানার তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ ও পঞ্চম তলায় ১০ জন মারা যান। তৃতীয় তলায় কেন এত বেশি লোক মারা গেল, তা তিনি বলতে পারেননি। আবুল হাশেম নামের এক শ্রমিক বলেন, আগুন লাগার ঘটনার সময় পরিচালকের পিয়ন কামরুল এসে কলাপসিবল গেটে তালা দিতে বলেন। এরপর তৃতীয় তলায় তালা দেওয়া হলে শ্রমিকেরা আটকা পড়েন। আহসান নামের এক শ্রমিক জানান, তৃতীয় তলার কলাপসিবল গেটে তালা দেখে ওই তলার জানালা ভেঙে তিনি লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। তাঁর মতো আরও কয়েকজন লাফ দেন। হাবিব নামের আরেক শ্রমিক অভিযোগ করেন, নয়তলা ওই ভবনে জরুরি নির্গমনব্যবস্থা বা এ ধরনের কোনো সিঁড়ি নেই। শ্রমিকেরা ভবনের নিচের তলার গুদামের ভেতর দিয়ে বের হয়ে আসেন। অগ্নিকাণ্ডের সময় সে পথ বন্ধ হয়ে যায়। এতে শ্রমিকেরা আটকা পড়েন। শ্রমিকদের অভিযোগ, আগুন লাগার সময় কলাপসিবল গেটে তালা থাকায় হতাহতের সংখ্যা এত বেড়েছে।তাজরীন ফ্যাশনসের পরিচালক মো. শাহজাহান এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি নিজে কারখানায় উপস্থিত ছিলেন। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এসে দেখেন, নিচতলায় উত্তর দিকে জেনারেটর কক্ষের পাশে আগুন ধরেছে। এরপর তিনি দ্রুত সংকেত বাজাতে বলেন। পিয়ন কামরুলকে বলেন প্রতিটি তলার শ্রমিকেরা যেন নেমে আসেন। অনেক শ্রমিক নেমেও আসেন। কিন্তু তাঁরা আগুন নেভাতে সহায়তা না করে নিজেদের মতো বের হয়ে চলে যেতে থাকেন। তৃতীয় তলা থেকে কেন শ্রমিকেরা নামতে পারেননি, তা তিনি নিজেও জানেন না।