অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। কাল বৃহস্পতিবারের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২২ মার্চের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন। গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার কারণ উদ্ঘাটন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি ওই বেঞ্চ রুল জারির পাশাপাশি ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। সাগর-রুনি হত্যার কারণ উদ্ঘাটন এবং খুনিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না—তা রুলে জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, ডিএমপির গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এবং শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছিলেন। গতকাল আদালত রুলের জবাবের বিষয়ে জানতে চান। বলেছি, জবাব এসে পৌঁছায়নি। আদালত বলেছেন, একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সারা দেশের মানুষ এ সম্পর্কে জানতে চায়। ২২ মার্চের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। কোনোভাবে যেন এ সময়সীমা পার না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন আদালত।