অগ্রগতির চাকা ঘোরাচ্ছেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ সাত বছরে দ্বিগুণ হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন যে ক্ষুদ্রঋণের কারণে, তার পেছনেও মুখ্য ভূমিকা নারীর। বিশ্ব বাণিজ্য সংস্থার ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ পোশাকশিল্প রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে যে সম্মান পেয়েছে, তারও অংশীদার পোশাক কারখানার ৮০ শতাংশ নারী শ্রমিক।তবে দেশের বিভিন্ন উন্নয়ন সূচকে সংখ্যার বিচারে পুরুষের তুলনায় নারী এখনো পিছিয়ে। দেশে নারী নির্যাতন থেমে নেই। নারীরা বিভিন্ন বৈষম্যের শিকার। তারপরও নারী এগিয়ে যাচ্ছেন। নারী ঘোরাচ্ছেন অগ্রগতির চাকা। যদিও বিভিন্ন প্রতিবেদন বা নথিপত্রে রাষ্ট্র এখনো নারীর অবদানকে স্বীকৃতি দিচ্ছে না। লিঙ্গভিত্তিক তথ্য-উপাত্তের অভাবে নারীর অবদানের সংখ্যাগত তথ্যেরও হেরফের আছে।১৯৯১ সালের এক হিসাবে দেখা যায়, তখন বছরে দুই হাজার নারী কর্মী বিদেশে গেছেন। এখন এই সংখ্যা ২০ থেকে ৩০ হাজার। বর্তমানে দুই লাখের বেশি নারী কর্মী দেশের বাইরে কাজ করছেন। সরকারের হিসাব অনুযায়ী, মোট অভিবাসী শ্রমিকের ১৩ শতাংশেরও বেশি নারী। কিন্তু এই নারীরা প্রবাসী-আয় হিসেবে কত টাকা পাঠাচ্ছেন, রাষ্ট্র সে হিসাবটি রাখার উদ্যোগ নেয়নি।বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, অভিবাসী পুরুষ নিজের বিনোদনসহ বিভিন্ন খাতে টাকা খরচ করার পর আয়ের ১৫ থেকে ২০ শতাংশ দেশে পাঠাতে পারেন। কিন্তু নারী শ্রমিকেরা আয়ের ৭০ শতাংশেরও বেশি অর্থ দেশে পাঠান।ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১০ সালের জুনে এ দেশে ক্ষুদ্র্রঋণের গ্রাহকের সংখ্যা ছিল দুই কোটি ৫২ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৯০ শতাংশই নারী গ্রাহক। মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রথম আলোকে বলেন, নারী এগিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। নারী আগে শুধু ঘরের ভেতর পরিশ্রম করতেন। এখন তাঁরা বাইরে বেরিয়ে এসে কাজের জন্য মজুরিও পাচ্ছেন। এতে করে দেশের অর্থনীতিতে নানা সূচক যোগ হচ্ছে।ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের তথ্যমতে, দেশের মোট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৩৫ শতাংশই নারী উদ্যোক্তা। নারীরা ব্যবসার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছেন।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত আর্থসামাজিক ও জনমিতি প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ গত সাত বছরে দ্বিগুণ হয়ে ৯ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। পরিসংখ্যান ব্যুরোর ২০১০ সালের শ্রমশক্তি জরিপ বলছে, গৃহস্থালি কর্মকাণ্ড ছাড়া বর্তমানে দেশে এক কোটি ৬২ লাখ নারী কর্মক্ষেত্রে রয়েছেন। গত চার বছরেই ৪৯ লাখ নারী নতুন করে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ১৯৭৪ সালে যেখানে সমগ্র কর্মশক্তির মাত্র ৪ দশমিক ১ শতাংশ ছিল নারী, ২০১০ সালে সেটি বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত প্রথম আলোকে বলেন, গৃহস্থালি কাজে সারা দেশের নারীরা বছরে ১৬ হাজার ৬৪১ কোটি ঘণ্টা সময় ব্যয় করছেন। এই সময়ের মোট আর্থিক মূল্যমান দুই লাখ ৪৯ হাজার ৬১৫ কোটি টাকা। জিডিপিতে এই আর্থিক মূল্য যোগ হলে নারীর হিস্যা বর্তমানের ২০ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪৮ শতাংশ।দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস পোশাকশিল্প, হিমায়িত চিংড়ি, চামড়া, হস্তশিল্পজাত দ্রব্য, চা শিল্পসহ অন্যান্য পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি নারী জড়িত। এসব শিল্পের প্রধান কাজগুলো করেন নারী। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) ‘পোশাকশিল্পের নারী শ্রমিকদের গ্রাম ও শহুরে অর্থনীতিতে অবদান’ শীর্ষক এক গবেষণায় দেখিয়েছে, পোশাকশিল্পের নারী কর্মীরা নিত্যপ্রয়োজনীয় খরচ শেষে লিপস্টিক, পাউডার, সালোয়ার-কামিজ বা শাড়ি, স্যান্ডেল, মোবাইল ফোন এমনকি বিউটি পারলারের পেছনে সাধ্যমতো খরচ করছেন। ফলে বাজার অর্থনীতিতে নতুন নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে। প্রতিমা পাল মজুমদার তাঁর গবেষণায় উ্লেল্লখ করেছেন, পোশাকশিল্পের নারী কর্মীরা বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিও নিজেই নিচ্ছেন। ফলে বাল্যবিবাহ কমানো, কম সন্তান নেওয়ার মতো সামাজিক উন্নয়নের সূচকগুলোও এই নারীদের আয়ত্তে।সত্তরের দশকের শুরুতে প্রজনন বয়সে একজন নারী কতটি সন্তান নেবেন, সে হিসাবে নারী গড়ে ছয়জনের বেশি সন্তানের জন্ম দিতেন। শিক্ষিত ও সচেতন হওয়ার ফলে ২০১০ সালে নারীরা গড়ে দুজনের বেশি সন্তানের জন্ম দিচ্ছেন। বলতে গেলে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যের একক ভাগীদার নারী। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষের অংশগ্রহণ এখনো অনেক কম। দেশের এক নম্বর সমস্যা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জনসংখ্যা সমস্যার সমাধানও দিচ্ছেন নারী।গত বছরের ৮ মার্চ বিশ্বজুড়ে গণতন্ত্র উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ঘোষণা দিয়েছে, রাজনীতিতে বাংলাদেশের নারীরা ভারতের চেয়ে এগিয়ে আছেন। জাতীয় সংসদে নারীর উপস্থিতির ক্ষেত্রে ভারত পিছিয়ে আছে। তাদের অবস্থান ১০৫। আর বাংলাদেশের অবস্থান ৬৫তম।১৯৯১-৯৫ সালে জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ ছিল ১২ দশমিক ৭ শতাংশ। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৯ জন নারী সরাসরি নির্বাচিত হন এবং ৪৫ জন সংরক্ষিত আসনে মনোনয়ন পান। সংরক্ষিত আসনসহ নারীর অংশগ্রহণ দাঁড়ায় ১৯ শতাংশ (৬৪ জন)। পরে সংরক্ষিত আসন আরও পাঁচটি বাড়িয়ে ৫০ করা হয়। জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বাড়ার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব গ্রহণে গুণগত পরিবর্তন ঘটেছে। বর্তমানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদ উপনেতা, হুইপ এবং গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নারীরা। এ ছাড়া তৃণমূলে নারীদের অংশগ্রহণের চিত্রটিও আশাব্যঞ্জক।দেশে ১৯৭৪ সালে পুলিশ বাহিনীতে প্রথম নারী সদস্যদের নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে পুলিশ বাহিনীর বিভিন্ন শাখায় প্রায় দুই হাজার নারী সদস্য কর্মরত। পুলিশের উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক, অতিরিক্ত পুলিশ সুপার, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পদসহ বিভিন্ন পদে নারীরা দায়িত্ব পালন করছেন। নারী ও শিশুসংশ্লিষ্ট মামলার তদন্তের জন্য আলাদা নারী তদন্ত দল গঠন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পুলিশ সংস্কার কর্মসূচির জেন্ডার উপদেষ্টা ফওজিয়া খোন্দকার প্রথম আলোকে বলেন, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের নারীদের অবদানও আজ বিশ্ব স্বীকৃত।মুম্বাইয়ে সম্প্রতি এক স্মারক বক্তব্যে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের নারীদের অবদানকে বিশেষ করে ‘অন্যতম শ্রমশক্তি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সব সামাজিক সূচকে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের নারীদের বিশাল একটি অংশ স্বাস্থ্যকর্মী এবং শিক্ষিকা হিসেবে কাজ করছেন উল্লেখ করে অমর্ত্য সেন বলেছেন, মানব উন্নয়ন সূচকের সব ক্ষেত্রেই মূলত এই নারীরাই বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়তা করেছেন।সূচক অর্জনে নারীরা সক্রিয় বলেই ২০১০ সাল নাগাদ দেশে প্রতি এক লাখ জীবিত শিশু জন্মে মাতৃমৃত্যুর হার ১৯৪-তে নেমে এসেছে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের জন্য মাতৃমৃত্যুর হার ১৪৩-এ নামিয়ে আনতে হবে। অর্থাৎ এ লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি আছে বাংলাদেশ। এ ছাড়া শিক্ষায় লিঙ্গ বা জেন্ডার সাম্য অর্জন, শিশুমৃত্যুর হার কমানো, টিকাদান কর্মসূচি, বিশ্বে মাতৃদুগ্ধ পানের প্রবণতার দিক থেকে বিশ্বের ৫১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ স্থানে নিয়ে যাওয়া, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সূচক অর্জনেও নারীর অবদান রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নারী নির্যাতন বন্ধ করা, নারীর প্রতি বৈষম্য কমানোসহ কিছু ক্ষেত্রে নজর দেওয়া হলে নারীর অগ্রগতি আরও বাড়বে। বেসরকারি উন্নয়ন সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের ‘এগিয়ে চলছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে নারীর অগ্রগতিকে ত্বরান্বিত করতে নারীর সামাজিক নিরাপত্তা বাড়ানোর বিষয়টিতে জোর দিয়েছে। প্রাতিষ্ঠানিক সংবেদনশীলতা বাড়ানো, বিভিন্ন আইন ও নীতির বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্রের সহযোগিতার হাত আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, তৃণমূল থেকে হিমালয়ের চূড়া অর্জন—সব জায়গাতেই নারীরা আছেন। তবে নারীর অর্জন বা অবদানের স্বীকৃতি নেই। অথচ একজন নারী যদি অষ্টম শ্রেণী পাস করেন, সেই নারীর সন্তান অপুষ্টিতে ভোগে না, নিরক্ষর থাকে না। কিন্তু একজন পুরুষ অষ্টম শ্রেণী বা তারও বেশি পড়াশোনা করেও এই অগ্রগতিগুলোতে কোনো ভূমিকা রাখেন না। তাই নারীর অবদানকে স্বীকৃতি দিতেই হবে।