অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিদ্যুৎ সংযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন তিনি।গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ৮৬তম বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বিদ্যুৎ-সংকটের কথা উল্লেখ করে সারা দেশের নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরেন।সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ-সংকটের কারণে তাঁদের প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। একদিকে বিদ্যুতের উৎপাদন বাড়ছে না, অন্যদিকে নতুন সংযোগও বন্ধ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, যে এলাকায় বিদ্যুতের সংকট রয়েছে, সে এলাকায় কেউ যদি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তা অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে।খাদ্যশস্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যপরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে বলেন, দায়িত্বশীল মন্ত্রীরা মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকার পরও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে উৎপাদন বাড়ানোর অনুরোধ জানানো হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা ঠিক, পৃথিবীর অন্যান্য দেশেও চালের দাম বেশি।নার্সিংয়ের মতো সেবায় যাঁরা নিয়োজিত, তাঁদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষতা আরও বাড়ানোর ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা জানান, সারা দেশেই রাস্তাঘাট ভেঙে গেছে। সরকারের দুই বছর হয়ে গেছে, তাই রাস্তাঘাট মেরামত করা জরুরি। প্রধানমন্ত্রী রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের জন্য অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা শেষে সম্পূরক বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ফ্লাডলাইটের জন্য বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট খেলার সময়সূচি বদলানোয় অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, দেশে-বিদেশে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি। বিশ্বকাপের সময় যাতে এ ধরনের সমস্যা না হয়, এ বিষয়েও সতর্ক থাকার কথা বলেন মন্ত্রী।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও স্পেনের মধ্যে সংস্কৃতি, শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণের চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হবে।প্রেস সচিব আরও জানান, জাপান সফর সফল হওয়ায় বৈঠকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জাপানকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ১৬ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেনেভা এবং ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।