অগ্রিম টাকা না দেওয়ায়...
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) কর্মকর্তাদের গাফলতি ও পানি সেচ বাবদ অগ্রিম টাকা না দেওয়ায় চলতি মৌসুমে ছয় একর জমি অনাবাদি রয়েছে। ফলে এক কৃষক প্রায় সাড়ে তিন লাখ টাকার ফসল থেকে বঞ্চিত হবেন। এ নিয়ে গাইবান্ধা বিএডিসি কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের আদর্শ কৃষক আব্দুস সামাদ। তিনি ২০ বছর ধরে বিএডিসি পরিচালিত গভীর নলকূপ থেকে জমিতে পানি সেচ দিয়ে আসছেন। কিন্তু চলতি মৌসুমে উপজেলা বিএডিসি কর্মকর্তার সঙ্গে যোগসাজশে দুধিয়া গ্রামে অবস্থিত গভীর নলকূপ ম্যানেজার পানি সেচ বাবদ একযোগে অগ্রিম ১৪ হাজার ৪০০ টাকা দাবি করেন। এতে অপারগতা জানালে ওই কৃষকের জমিতে পানি সেচ দেওয়া হয়নি। ফলে তাঁর ছয় একর জমি অনাবাদি রয়েছে। অথচ পানি সেচ দেওয়া হলে এই পরিমাণ জমিতে প্রায় ৪৫০ মণ বোরো ধান উত্পাদন হতো। যার মূল্য সাড়ে তিন লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক সামাদ অভিযোগ করেন, চলতি মৌসুমে এই নলকূপের আওতায় ১০০ জন কৃষক ৬০ একর জমিতে বোরো চাষ করেন। এক মৌসুমে প্রতি একর জমিতে পানি সেচ বাবদ ২ হাজার ৪০০ টাকা নেওয়া হয়। কিন্তু বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে নলকূপ ম্যানেজার আমার জমিতে পানি সেচ বাবদ একযোগে ওই পরিমাণ টাকা অগ্রিম দাবি করেন। অথচ অন্যান্য কৃষককে বাকিতে পানি সেচ দেওয়া হয়েছে। জমি অনাবাদি থাকায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র আয়ের উত্স জমির ফসল। কিন্তু এবার জমিতে ফসল নেই। ছেলেমেয়েদের কী খাওয়াব!’ নলকূপ ম্যানেজার আবদুল লতিফ বিএডিসির সঙ্গে যোগসাজশ ও সেচ বাবদ অগ্রিম টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। গোবিন্দগঞ্জ উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী সিরাজুল হক গাফলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পানি সেচের অভাবে ওই কৃষকের ছয় একর জমিতে বোরো চাষ না হওয়ার কথা শুনেছি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’