অঘটন ছাড়াই পারস্য উপসাগরে মার্কিন রণতরী
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন গতকাল রোববার কোনো অঘটন ছাড়াই হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। মার্কিন ও ইরানের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট রেবেকা রেবারিচ জানান, আব্রাহাম লিংকন কোনো অঘটন ছাড়াই হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।গত বছরের ডিসেম্বরে ইউএসএস জন সি স্টেনিস উপসাগর ত্যাগ করার পর এ প্রথম কোনো মার্কিন নৌতরী সেখানে প্রবেশ করল। জন সি স্টেনিস উপসাগর ত্যাগ করার পর ইরান সতর্ক করে বলেছিল, কৌশলগত এ নৌপথে কোনো মার্কিন রণতরী ফিরে এলে কড়া ব্যবস্থা নেবে তেহরান। ইরানের সেনাপ্রধান আয়াতুল্লাহ সালেহি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের রণতরীকে পারস্য উপসাগরে না আসার ব্যাপারে আমি জোর পরামর্শ দিচ্ছি। একবারের বেশি সতর্ক করার অভ্যাস আমাদের নেই।’ এ ঘটনা দুই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছিল। তবে পরে ইরান তাদের এ কঠোর অবস্থান থেকে সরে আসে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে পারস্য উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস জন সি স্টেনিসের স্থলাভিষিক্ত হবে ইউএসএস আব্রাহাম লিংকন।