অঙ্গ প্রতিস্থাপন আইন দ্রুত সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্গ প্রতিস্থাপন আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শল্যচিকিৎসাবিদেরা। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তাঁরা বলেন, কিডনি প্রতিস্থাপন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হওয়ায় নিরুপায় রোগীরা ভুগছেন। প্রথম আলো আয়োজিত ‘অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কিডনি ফাউন্ডেশন, বারডেম হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ল্যাবএইড হাসপাতাল ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।চিকিৎসকেরা বলেন, জয়পুরহাটের অভাবী জনগোষ্ঠীকে প্রতারণার ফাঁদে ফেলে কিডনি নেওয়া হচ্ছে—সংবাদমাধ্যমে এ খবর প্রচারের কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় কিডনি প্রতিস্থাপন এখন প্রায় বন্ধ। যাঁরা বিত্তবান তাঁরা বিদেশে যাচ্ছেন। যাঁরা দরিদ্র তাঁরা সেবা পাচ্ছেন না। সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্ট ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, দেশে প্রতিবছর ২০ হাজার মানুষের কিডনি প্রয়োজন, প্রতিস্থাপন হচ্ছিল ১০০ থেকে ১২০টি। ৯৫ ভাগ ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন হয়েছে অলাভজনক প্রতিষ্ঠানে। চিকিৎসকেরা অঙ্গপ্রত্যঙ্গ ব্যবসার সঙ্গে যুক্ত—এমন অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, ‘চিকিৎসকেরাও সবাই সাধু নাও হতে পারেন। পৃথিবীর সর্বত্র কিডনি কেনাবেচা করা অপরাধ। যদি কেউ অবৈধ এই ব্যবসায় জড়িত থাকেন, তাহলে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ বিষয়গুলো দেখার জন্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএমডিসি আছে। আমি সবাইকে বলতে চাই, কিডনি দিয়ে কেউ কখনো অসুস্থ হয়ে যায়নি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাঁরা কিডনি দিয়েছেন, তাঁদের আয়ু গড়ে অন্যদের চেয়ে বেশি।’আজাদ খান আরও বলেন, সরকার সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ আইনে যাঁদের ব্রেইন ডেথ হয়েছে, তাঁদের কাছ থেকে অঙ্গ প্রতিস্থাপনের বিধান রাখা দরকার। এ ছাড়া সহূদয় ব্যক্তি স্বেচ্ছায় অঙ্গ দান করতে পারবেন—এমন বিধানও রাখা উচিত।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি কামরুল হাসান খান বলেন, মরণোত্তর চক্ষুদান, কর্নিয়া প্রতিস্থাপনের মতো বিষয়গুলো সন্ধানীর কল্যাণে এখন সবাই জানে। কিডনি দান করলেও মানুষ যে পুরোপুরি সুস্থ থাকতে পারেন, সে বিষয়ে প্রচার বাড়াতে হবে। বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেন, বাংলাদেশের দরিদ্র মানুষ একটি শাড়ি বা লুঙ্গির জন্য ভ্যাসেকটমি বা টিউবেকটমি করেছেন, এমন উদাহরণ আছে। এ দেশে সবকিছু ঘটতে পারে। কাজেই অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে আইনের ব্যত্যয় কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকতে পারে। এখনই সময় বিদ্যমান আইনে যে সমস্যাগুলো আছে, তা সমাধানের এবং কিডনিদাতার সংখ্যা বাড়ানোর। বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল আলম বলেন, চিকিৎসকেরা কোনোভাবেই আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অঙ্গ প্রতিস্থাপন করেন না। বারডেমের ইউরোলজি বিভাগের চিকিৎসক মির্জা মাহবুবুল হাসান বলেন, ‘কিডনি দিতে ইচ্ছুক এমন ব্যক্তি শতভাগ সুস্থ থাকলে তবেই চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপন করে থাকেন। কারও শরীর থেকে জোর করে কি কোনো চিকিৎসক অঙ্গ কেটে নিতে পারেন?’বারডেম হাসপাতালের হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী বলেন, বিশ্বের অন্যান্য দেশে ‘ইমোশনাল ডোনেশনের’ ব্যবস্থা আছে। বাংলাদেশে বিদ্যমান আইনে কয়েকজন আত্মীয়স্বজন কিডনি দান করতে পারেন। রোগীর সঙ্গে কিডনিদাতার কী সম্পর্ক, তা কে নির্ণয় করবে—সে বিষয়ে আইনে পরিষ্কারভাবে বলা হয়নি। নেতিবাচক প্রচারের কারণে রোগীরা চিকিৎসকদের ওপর আস্থা হারিয়েছে।গোলটেবিল বৈঠকে তুলসী রানী বণিক বলেন, তাঁর ভাইয়ের কিডনি প্রতিস্থাপন জরুরি। কিডনিদাতা প্রস্তুত। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিস্থাপন করতে চাইছে না। বাডাসের কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইউনিট প্রকল্পের পরিচালক আবুল মনসুর বলেন, রোগীদের স্বার্থে সরকারের উচিত হবে অঙ্গ প্রতিস্থাপন আইনটি দুই সপ্তাহের মধ্যে সংশোধন করা। পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা আনতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ‘এথিকাল কমিটি’ গঠন করতে হবে এবং সে কমিটিতে কোনো চিকিৎসককে অন্তর্ভুক্ত করা যাবে না। বিএমডিসির চেয়ারম্যান আবু সাফী আহমেদ আমিন বলেন, বিএমডিসি চিকিৎসকদের স্বার্থে ‘প্রিভেনশন অ্যান্ড প্রটেকশন অ্যাক্ট ফর প্রফেশনালস’ প্রণয়নের উদ্যোগ নিতে চায়।ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অঙ্গ প্রতিস্থাপন করছে না। এখনো পর্যন্ত বিষয়টি সম্মান বা অলংকারের মতো। কিন্তু নেতিবাচক প্রচারের কারণে স্বপ্নের মৃত্যু হয়েছে। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও ডা. তানজিনা হোসেন। উপস্থিত ছিলেন বারডেমের যুগ্ম পরিচালক (জনসংযোগ) ফরিদ কবিরসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।