নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্ত হিসেবে ২০২০ সালের মধ্যে ধর্মভিত্তিক দলগুলো সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তির অঙ্গীকার করেছে। এই অঙ্গীকারের পর দেড় বছর পার হলেও জামায়াতে ইসলামী ও জাকের পার্টি ছাড়া অন্য কোনো দল নারীদের নেতৃত্বে আনার কোনো উদ্যোগ নেয়নি। ধর্মভিত্তিক দলগুলো কখনোই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ভালোভাবে দেখেনি। অতীতে এসব দলের নেতারা নারী নেতৃত্ব হারাম বলে প্রচার করেছেন। অবশ্য ২০০৮ সালে নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্ত হিসেবে একরকম বাধ্য হয়েই দলের কমিটিতে নারী সদস্যদের অন্তর্ভুক্তি মেনে নিয়েছেন। কিন্তু এরপর গত দেড় বছরে দু-একটি দল ছাড়া কেউই কোনো উদ্যোগ না নেওয়ায় তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।যদিও জামায়াত ও ইসলামী ঐক্যজোট ২০০১ সালে বেগম খালেদা জিয়াকে নেতা মেনেই বিএনপির সঙ্গে জোট করে। এই জোট এখনো বহাল আছে। আবার ২০০৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে জোটভুক্ত হয়েছিল শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বধীন খেলাফত মজলিস।খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের বলেন, ‘আমরা চেষ্টা করছি, কমিশনের সিদ্ধান্তের আলোকে কীভাবে কী করা যায়। সামনের বছর সে উদ্যোগ নেওয়া হবে।’এ ব্যাপারে খেলাফত আন্দোলনের এক নেতার বক্তব্য হচ্ছে, ‘নির্বাচন কমিশনের পরামর্শে আমরা ধর্ম ও ঈমান বিসর্জন দিতে পারব না।’ ২০০৮ সালে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত মেনে নিবন্ধন পাওয়া ধর্মভিত্তিক দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী ফ্রন্ট।জামায়াতের কৌশলী পদক্ষেপ: নির্বাচন কমিশনের শর্ত পূরণে জামায়াত কৌশলী ভূমিকা নিয়েছে। সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে যে দলের নারী শাখা বা মহিলা জামায়াতের মজলিশে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা এখন থেকে জামায়াতের মূল মজলিশে শুরা ও কর্মপরিষদেরও সদস্য হবেন। তবে জামায়াতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, এমন বৈঠকে ওই নারী সদস্যদের ডাকা হয় খুব কম ক্ষেত্রে। আবার জামায়াতের সর্বোচ্চ পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ১৫ সদস্যের মধ্যে কোনো নারীকে অন্তর্ভুক্ত করা হয়নি। নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের মনোভাব বোঝা যায় একটি উদাহরণে। দলের নারী শাখার প্রধানকে আমির বলা হয় না। তিনি সেক্রেটারি। কারণ আমির বা দলীয় নেতৃত্ব অবশ্যই পুরুষ হবেন।সমস্যা রক্ষণশীল মনোভাব: মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমরা তো আদর্শিক ও ইসলামি দল। এখানে একটি রক্ষণশীল মনোভাব আছে। বিষয়টি সহনীয় পর্যায়ে আসতে সময় লাগবে। তবে আমাদের চিন্তাভাবনা আছে। মহিলা সহযোগী সংগঠন করার চিন্তাভাবনা করছি আমরা।’জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, ‘২০২০ সাল অনেক পরে। আমাদের ছাত্রীরা বিভিন্ন মাদ্রাসায় পড়ছে। ময়দানে সবাই কাজ করছে। আমাদের কোনো সমস্যা হবে না।’দ্বীন ও ঈমানের প্রশ্ন: খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান জানিয়েছেন, তাঁদের কেন্দ্রীয় মজলিশে শুরা ও মজলিসে আমেলায় না থাকলেও মজলিসে ওমমির ৩১৩ জন সদস্যের মধ্যে তাঁর মেয়ে শাহিদা খানমকেও রাখা হয়েছে। তিনি বলেন, ‘যে কাজগুলো ঘরে বসে পর্দার সঙ্গে করা যায়, সেগুলোতে নারীদের আনা হবে। কিন্তু প্রশিক্ষণ সম্পাদকের মতো জায়গায় তো আমরা তাদের নিতে পারব না। নির্বাচন কমিশনের পরামর্শে আমরা দ্বীন ও ঈমান ঠেলে দিতে পারব না।’মহানবী (সা.)-এর স্ত্রী হজরত আয়েশা (রা.) যুদ্ধ করতে পারলে নারীরা প্রশিক্ষণ সম্পাদক হতে পারবে না কেন? —এ প্রশ্নের জবাবে জাফরুল্লাহ্ খান বলেন, ‘ওনি কি তরবারি চালিয়েছেন? যে ধরনের কাজ করা দরকার সে ধরনের করেছেন। আমাদের মেয়েরাও যে ধরনের কাজ করা দরকার সে ধরনের করবে।’বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘আগে তো আমাদের মধ্যে এই চিন্তাভাবনাই ছিল না। এখন চিন্তা চলছে। যেহেতু আমরা গঠনতান্ত্রিকভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছি, সেহেতু এটা করতে হবে।’ জনাব ইউসুফী এও বলেন, ‘তবে এই নির্বাচন কমিশন যে আইন করেছে, সেটাই যে থাকবে এমন তো কথা নেই।’কিছু উদ্যোগ: মুসলিম লীগের সভাপতি কাজী আবুল খায়ের জানিয়েছেন, দলের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে গত বছর প্রথমবারের মতো পাঁচজন নারীকে নেওয়া হয়েছে। জাকের পার্টির নেতা শামীম হায়দার জানিয়েছেন, নির্বাচন কমিশনে অঙ্গীকার করার পর তাঁদের দলের জেলা কমিটিতে এরই মধ্যে ৩৩ শতাংশ নারী নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটিতেও নারীদের নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তা ৩৩ শতাংশ হয়নি। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ স্বীকার করেন, নারীদের নেতৃত্বে আনার অঙ্গীকার পূরণে গত দেড় বছরে তাঁরা কিছু করেননি। তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের গঠনতন্ত্রটিকে চূড়ান্ত করলে এ বিষয়ে তাঁরা উদ্যোগ নেবেন।