আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দলীয়করণমুক্ত, অরাজনৈতিক ও গণমুখী প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলা হয়েছিল, যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে সব নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। তবে অভিযোগ আছে, গত চার বছরে সরকার এই অঙ্গীকার পালন করেনি। ঘুরেফিরে সরকারের আস্থাভাজন কর্মকর্তারাই পদোন্নতি ও ভালো পদ পেয়েছেন। নিয়মিত কর্মকর্তারা পদ না পেলেও প্রশাসনে চুক্তিভিত্তিক ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ অব্যাহত ছিল। চার বছরে সব সময়ই কমবেশি ২৫০ কর্মকর্তা চুক্তিতে ও সশস্ত্র বাহিনীর প্রায় ১০০ কর্মকর্তা প্রেষণে ছিলেন। আরও ৩৫০ থেকে ৪০০ কর্মকর্তা প্রায় সব সময়ই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে ছিলেন। এঁদের কোনো কাজ করতে হয় না। অথচ মাসে রাষ্ট্রের খরচ হচ্ছে আড়াই থেকে তিন কোটি টাকা। জনপ্রশাসনের কর্মকর্তারা অভিযোগ করেন, গত পৌনে চার বছরে জনপ্রশাসনে যতবার পদোন্নতি ও পদায়ন হয়েছে, ততবারই স্বজনপ্রীতি-দলীয়করণ ও তদবিরের ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় পদোন্নতি এবং অনিয়ম-বিশৃঙ্খলার ঘটনা ঘটে ২০১২ সালে। গত ফেব্রুয়ারি মাসে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৬৪৯ জন কর্মকর্তাকে এই সময়ে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসনের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসন ক্যাডারে এটাই সবচেয়ে বড় ধরনের পদোন্নতি। অভিযোগ ওঠে, এই পদোন্নতিতে যোগ্য থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের প্রায় ৫০০ কর্মকর্তা পদোন্নতি-বঞ্চিত হন। বিপরীতে বিসিএসের মেধা তালিকায় অনেক পিছিয়ে থেকেও বর্তমান সরকারের সমর্থক বা সমর্থন দেখানো কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। বঞ্চিত কর্মকর্তারা এখন পর্যন্ত বঞ্চিতই হয়ে আছেন।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব বলেন, ‘শুধু জায়গামতো যোগাযোগ করতে না পারার কারণেই উপসচিব রয়ে গেলাম। অথচ মেধা তালিকায় (বিসিএসের) আমার চেয়ে অনেক পেছনে থাকা সহকর্মীরাও পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়ে গেছেন।’এই পদোন্নতির পর থেকেই প্রশাসনে বিশৃঙ্খলা চলছে। কারণ, জ্যেষ্ঠ কর্মকর্তারা বঞ্চিত হয়ে কনিষ্ঠদের অধীনে চাকরি করছেন। আবার পদ না থাকায় পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশির ভাগই আগের পদে অর্থাৎ নিচের পদে কাজ করছেন।বর্তমান সরকারের মেয়াদে দুই দফায় মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স বাড়িয়ে ৬০ করা হয়েছে। সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স নির্ধারণ করা হয়েছে ৬৯ বছর।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমান সরকারের আমলে ২০০৯ থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত উপসচিব থেকে সচিব পর্যন্ত প্রশাসনে মোট এক হাজার ৯০৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৬০ জন সচিব, ২৯৩ জন অতিরিক্ত সচিব, ৬৮৮ জন যুগ্ম সচিব এবং ৮৬৫ জন উপসচিব হন।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ২০০৯ সালের ২৫ জানুয়ারি সচিব পদে সাতজন পদোন্নতি পান। এ সময় দলীয়করণের অভিযোগে কয়েকজনকে বাদ দেওয়া হয়। তখন যাঁরা পদোন্নতি পান, তাঁরা সবাই বর্তমান সরকারের সমর্থক হিসেবে পরিচিত।ওই পদোন্নতির দুই দিন পর ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৭২ জনকে পদোন্নতি দেওয়ার সময়ও অর্ধশতাধিক কর্মকর্তাকে বঞ্চিত করা হয়। তখনো দলীয়করণের অভিযোগ ওঠে। ২০১১ সালে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫০৩ জনকে পদোন্নতি দিতে গিয়ে ৫৫৩ জনকে বঞ্চিত করা হয়। বঞ্চিত কর্মকর্তারা বেশির ভাগই পদোন্নতির যোগ্য ও মেধা তালিকায় এগিয়ে ছিলেন।একই বছরের অক্টোবরে সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন জনপ্রশাসনের ৪৩ জন কর্মকর্তা। এঁদের মধ্যে সচিব হন অতিরিক্ত সচিব পর্যায়ের ১২ জন ও অতিরিক্ত সচিব হন যুগ্ম সচিব পর্যায়ের ৩১ জন কর্মকর্তা। এই পদোন্নতিতেও আগের মতোই বঞ্চিত হন বেশ কিছু কর্মকর্তা। আর সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পদোন্নতি দেওয়া হয় গত ফেব্রুয়ারি মাসে, ৬৪৯ জন। এ নিয়ে এখনো প্রশাসনে অসন্তোষ রয়েছে। শুধু পদোন্নতি নয় বিভিন্ন পদায়নেও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার বিভাগ, গণপূর্ত, জনপ্রশাসন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, প্রাথমিকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের পদগুলোতে সরকারের সমর্থক কর্মকর্তারাই দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ, মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক (ডিসি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পদোন্নতি ও পদায়নে দলীয়করণ ও তদবিরের কারণে প্রশাসনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বর্তমান সরকারের মতো আগের সরকারও দলীয়করণমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারাও প্রতিশ্রুতি পূরণ করেনি। আমার মতে দক্ষতা ও মেধাই হওয়া উচিত পদোন্নতি ও পদায়নের মাপকাঠি।’তবে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার বলেন, দলীয়করণের অভিযোগ ঠিক নয়। বাস্তব কারণে অনেককে ওএসডি করে রাখতে হয়। সেটাও এখন কমিয়ে আনা হচ্ছে। চার বছরেও আইন হয়নি: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংস্কারের মাধ্যমে জনপ্রশাসনকে দক্ষ, জনমুখী, যুগোপযোগী করার লক্ষ্যে সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত নিলেও সেটি করা হয়নি। প্রায় তিন বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর গত এপ্রিল মাসে হঠাৎ করে সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘সরকারি কর্মচারী আইন’ নামে নতুন আরেকটি আইন করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেটিও চূড়ান্ত হয়নি। গত জুনে রাজধানীর পাঁচতারা হোটেল দিনব্যাপী আলোচনার পর গত ২৭ ডিসেম্বর আবারও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেওয়া হয়। কিন্তু ওই সভায় আইনের খসড়ায় থাকা ‘আউট সোর্সিংয়ের’ মাধ্যমে নিয়োগসহ কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়েছেন প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে এই সরকারের আমলে আইনটি আদৌ হবে কি না, সংশয় আছে।