অঙ্গীকারের অর্থ দ্রুত স্বল্পোন্নত দেশগুলোকে সরবরাহ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোপেনহেগেন সম্মেলনে অঙ্গীকার করা অর্থ স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) দ্রুত সরবরাহের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতিসংঘ-এসকাপ ও সরকারের যৌথ আয়োজনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য ব্রাসেলস প্রোগ্রামস অব অ্যাকশন-সংক্রান্ত তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সংলাপের উদ্বোধনকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নেপালের অর্থমন্ত্রী সুরেন্দ্র পান্ডে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর অর্থমন্ত্রী সেলা মলিসা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল চিক সিদি দায়ারা, এসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারি নয়েলিন হেইজার এবং ইআরডি-সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোকে অর্থ দেওয়ার ক্ষেত্রে যেকোনো আর্থিক সংকটসহ জলবায়ু পরিবর্তনের অন্যান্য বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়গুলো উন্নত দেশগুলোকে বিবেচনা করতে হবে। তিনি বলেন, বালির কর্মপরিকল্পনায় প্রশমন, অভিযোজন, আর্থিক, প্রযুক্তি হস্তান্তর ও সমতা তৈরিতে যে আশ্বাস দেওয়া হয়েছে তাতে অবশ্যই সম্মত হতে হবে।প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। সমুদ্রের উচ্চতা এক মিটার এবং বিশ্বব্যাপী তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক-চতুর্থাংশ নিমজ্জিত ও দুই কোটি লোক গৃহহীন এবং চার কোটি লোকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও খরা, লবণাক্ততা বৃদ্ধি, কৃষিজমি হ্রাস এবং এ ধরনের আরও দুর্দশায় পড়বে বাংলাদেশ।বিশ্বায়নের বিরূপ প্রভাব এবং গত বছরের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন রপ্তানি সংকোচন, পুঁজিপ্রবাহ হ্রাস, তেল ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুতের সংকট দেখা যাচ্ছে। যদিও তাঁর সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবিত হওয়া থেকে লাভবান হওয়ারও পরিকল্পনা করেছি। সে জন্য বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব প্রশমনে ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স) দ্রুত বণ্টন প্রয়োজন।’স্বল্পোন্নত দেশগুলোর জন্য ব্রাসেলস কর্মপরিকল্পনা ২০০৯-২০১০ প্রণয়নে তাঁর অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্য, অভিমুখ, পরিধি ও ফলোআপ পদক্ষেপের দিক থেকে এটি অন্যান্য কর্মসূচি থেকে পৃথক। কিন্তু এতে তেমন উত্সাহব্যঞ্জক কোনো অগ্রগতি অর্জিত হয়নি। মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিশিষ্ট অর্থনীতিবিদেরা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।