অঙ্গে অঙ্গে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক-আশাক ও চালচলনে নিজেকে একটু আলাদা করা চাই। এর জন্য কত না চেষ্টা-চরিত্র থাকে নগরের তরুণদের। যাঁরা নিজের দিকে বাড়তি মনোযোগ আশা করেন, তাঁরা হয় পিয়ার্সিং করিয়ে নেন, নয়তো করান ট্যাটু। তাঁদের উদ্দেশ্য কিন্তু সফল। সবাই তাঁদের দিকে একটু আলাদাভাবে দৃষ্টি দেন। সে কথাই বলছিলেন ধানমন্ডির তানভীর হাসান। তাঁর ভাষ্য, ‘নিজেকে সবার চেয়ে একটু আলাদা দেখাতেই বাহুতে ড্রাগন আঁকিয়েছি।’শুধু বাহু নয়, হাতের কবজি, গলায় বা পিঠে ট্যাটু আঁকিয়ে নেন কেউ কেউ। কারও পছন্দ আবার শরীরের অঙ্গ ফুঁড়িয়ে গয়না পড়া। যা ‘বডি পিয়ার্সিং’ হিসেবে পরিচিত। কোনো কোনো তরুণ ট্যাটু ও পিয়ার্সিং—দুটিতেই আগ্রহী। বেসরকারি বিশ্ববিদ্যালয়-পড়ুয়া রিজভী আহমেদ কানে পিয়ার্সিং করিয়েছেন বছর খানেক আগে। তিনি বলেন, ‘শখের বশেই এটা করিয়েছি। প্রথমে আমাদের এক বন্ধু করিয়েছিল। তারটা ভালো লেগেছে। তাই আমি করেছি।’ট্যাটু কিংবা পিয়ার্সিং কিন্তু নগরে নতুন নয়। বছর পাঁচেক আগেই এগুলোর ব্যাপকতা পেয়েছে। এ নিয়ে ধানমন্ডির ১৫ নম্বর সড়কের কেয়ারি প্লাজার মেনস কেয়ার স্যালনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, ‘এখন বরং ট্যাটু করার প্রচলন কিছুটা কমেছে। আমাদের এখানে পিয়ার্সিং করাতে অনেক তরুণ আসে।’ট্যাটুর একটি স্থায়ী পদ্ধতি, অন্যটি অস্থায়ী। ধানমন্ডির শঙ্কর প্লাজার সুপার কাট স্যালন অ্যান্ড কিডস কর্নারের পরিচালক খালেদ মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সাধারণত অস্থায়ী পদ্ধতিতেই বেশি করি। কারণ, স্থায়ী পদ্ধতিতে করতে গেলে অনেক সময় যেখানে ট্যাটু আঁকা হয়, সেখানে চামড়ার ক্ষতি হতে পারে।’ যাঁরা ট্যাটু আঁকিয়ে নেন, তাঁরা পারলারে থাকা ক্যাটালগ দেখে ট্যাটু আঁকান।স্থায়ী পদ্ধতির ট্যাটুর মতো পিয়ার্সিংয়েরও কিছু ক্ষতিকর দিক আছে। এ বিষয়ে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের পারসোনা অ্যাডামসের নির্বাহী খন্দকার রওশন রানা বলেন, ‘আমাদের এখানে ট্যাটু আঁকার ব্যবস্থা নেই। তবে পিয়ার্সিং করাই। পিয়ার্সিং করলে অনেক সময় ক্ষত ভালো হতে চায় না।’নগরের বিভিন্ন স্যালন ও বিউটি পারলারে কান, ভ্রু, নাক, জিহ্বা, ঠোঁট ও নাভিতে পিয়ার্সিং করার ব্যবস্থা রয়েছে বলে জানান ধানমন্ডির মিরপুর সড়কের হোসেন প্লাজার হেয়ারোবিক্সের বিউটি কনসালট্যান্ট তানজিমা শারমিন। যেসব প্রতিষ্ঠান অস্থায়ী পদ্ধতির ট্যাটু আঁকে ও পিয়ার্সিং করে, তাদের খরচের পরিমাণটা কাছাকাছি। অস্থায়ী পদ্ধতির ট্যাটু আঁকার খরচ ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়। অস্থায়ী ট্যাটুর রং এক থেকে দেড় মাস থাকে। কেউ চাইলে এর ওপর আবার রং করিয়ে নিতে পারে। তখন খরচ অর্ধেক কমে যাবে। এক কানে পিয়ার্সিং করাতে খরচ ২০০ থেকে ৩০০ টাকা, চোখে ৫০০ টাকা, ঠোঁটে ৫০০ টাকা এবং জিহ্বায় ৫০০ টাকার মতো।