অচল এক সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজহার হোসেন‘আমাদের ওয়াইজঘাটের আড়তগুলো পুরো ঢাকা শহরের ফলের চাহিদা মেটায়। অথচ এখানে নাগরিক সেবা খুব কম। সপ্তাহে মাত্র একদিন এখানে সিটি করপোরেশনের ময়লার গাড়ি আসে। সেদিনই তোড়জোড় করে সব ময়লা নিয়ে যায়। অন্য দিনগুলোয় আবর্জনার মধ্যে ডুবে থাকে ফলপট্টি।’ বলছিলেন ওয়াইজঘাট আহসান উল্লাহ রোডের ফল ব্যবসায়ী রওশন আলী।সদরঘাট থেকে বুড়িগঙ্গা নদীর বাকল্যান্ড বাঁধ দিয়ে হেঁটে বা রিকশায় বাবুবাজার সেতু পর্যন্ত যেতে যে কাউকেই অনেক কাঠখড় পোহাতে হয়। কেননা, সড়ক ও পায়ে চলা পথের একাংশ দখল করে রেখেছেন ফল ব্যবসায়ীরা। দিনদুপুরে সড়কটির অনেকখানি দখল করে রাখে ট্রাক ও কাভার্ড ভ্যান। আবার জায়গায় জায়গায় ভেঙে কাদায় সয়লাব হয়ে আছে সড়কটি। অনেক জায়গায় জমে আছে পানি। সব মিলিয়ে সড়কটিতে যানজট লেগেই থাকে। যানজট এড়াতে যানবাহন থেকে হেঁটে যাঁরা গন্তব্যে যেতে চান, তাঁদের ফলের আড়তের ভেতর ও বাইরে দিয়ে কসরত করে হাঁটতে হয়। কোথাও মাড়াতে হয় কাদা।গিয়ে দেখা গেছে, আহসান মঞ্জিল ঘেঁষে এ সড়কটি চলে গেছে বাদামতলী পর্যন্ত। পুরো এলাকা ওয়াইজঘাট নামে পরিচিত। সড়কটির বেশির ভাগ এলাকাজুড়ে আছে পাইকারি ফলের আড়ত। ফলের আড়ত থাকার কারণে ফলবাহী ট্রাক আর কনটেইনারের ভিড় এখানে লেগেই থাকে। ফল বোঝাই এসব যানে থাকে ফল প্যাকেজিংয়ের নানা রকম কাগজ, প্লাস্টিক আর শুকনো খড়। ফল ওঠানো-নামানোর সময় প্যাকেজিংয়ের এসব জঞ্জাল ফেলা হয় সড়কের ওপর। আবার ফলবাহী যানের ভেতর থাকা পচা ফলও ফেলা হয় সড়কে। ফলে সড়কটি আবর্জনার একটি ভাগাড়ে পরিণত হয়েছে। আহসান মঞ্জিলের শেষ সীমানা থেকে একটু এগোতেই চোখে পড়ে বিনা স্মৃতি স্নানঘাট। ঘাটে ঢোকার ফটকের পাশেই ফলের জঞ্জাল। ডাব আর কলার ডগায় সয়লাব সড়কের একটি অংশ। সেখান থেকে একটু এগোলে ঢাকা জেলা প্রশাসনঘাট। ওই ঘাটটিও আছে বেহালে। ঘাটে জেলা প্রশাসনের নির্দেশক সাইনবোর্ডের নিচেই পাহাড়সমান কলার ডগা। আবার পুলিশঘাটে ঢোকার পথেও রয়েছে ময়লার স্তূপ। স্থানীয় ব্যবসায়ী মো. কামরান জানান, শুধু শনিবার ময়লার কিছু কনটেইনার আসে। সেগুলো সড়কের ওপরে থাকা কিছু ময়লা নিয়ে যায় আর বাকি ময়লা দোকানিরা ফেলে দেন বুড়িগঙ্গা নদীর পানিতে।পথচারীরা জানান, পথ চলতে বেশি সমস্যা হয় আম, আনারস আর লিচুর মৌসুমে। এ প্রসঙ্গে বাদামতলীর ফল ব্যবসায়ী মানিক বলেন, বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ফল আসে। লিচুর মৌসুমে আসা লিচুর পাতা আর ডালের জন্য বেশ বেগ পেতে হয়। আবার আনারসের মৌসুমেও একই সমস্যা।ঢাকা সিটি করপোরেশন আবর্জনা অপসারণে বেশ উদাসীন বলে জানান ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ বিল্লাল। তিনি আর জানান, মৌসুমভিত্তিক উচ্ছিষ্ট অপসারণে ডিসিসির সঙ্গে লাখখানেক টাকার চুক্তি করতে হয়। চুক্তির আওতায় এক মৌসুমের আবর্জনা অপসারণ করে ডিসিসি। মৌসুম শেষ হলে নতুন করে চুক্তি না করা পর্যন্ত ডিসিসি ময়লা অপসারণ করে না। আড়তদারেরা উচ্ছিষ্ট বুড়িগঙ্গায় ফেলেন না বলে দাবি করেন তিনি।ওয়াইজঘাটের ফলের আড়তগুলোর ময়লা অপসারণ প্রসঙ্গে ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ‘ফলের আড়তগুলোতে সপ্তাহে ৮০ থেকে ৯০ টনের মতো আবর্জনা জমা হয়। এলাকাটি সরু বলে সেখানে গাড়ি আসা যাওয়ায় সমস্যা হয়। তাই সপ্তাহে একদিন সব ময়লা পরিষ্কার করা হয়।’ ডিসিসির কর্মীদের মৌসুমভিত্তিক টাকা নেওয়ার অভিযোগ সত্য কি না যাচাই করতে ওই এলাকায় দায়িত্বরত ডিসিসির কর্মকতা ও সমিতির সদস্যদের নিয়ে সপ্তাহখানেকের মধ্যে বৈঠকে বসবেন বলে জানান বিপন কুমার সাহা।