ছয় বছরের আবীর স্কুল থেকে বাসায় যাচ্ছে। মা আছমা বেগম শক্ত করে তার হাত ধরে এগোচ্ছেন। পা ফেলছেন খুব সাবধানে; কখন আবার পিছলে পড়ে যান! সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনো যানবাহন আসতে দেখলে দাঁড়িয়ে যান পাশের দোকানে, সড়কে জমে থাকা পচা পানি ছিটকে শরীরে লাগার ভয়ে। ‘এমন রাস্তায় কি মানুষ চলতে পারে? বৃষ্টি নাই, বাদলা নাই, রাস্তার মাঝে হাঁটুপানি।’ এভাবেই বলছিলেন আছমা বেগম। সড়কটি মিরপুর থানার পেছনে বড়বাগ এলাকায় অবস্থিত। এটি পশ্চিম সেনপাড়া পর্বতা থেকে বড়বাগ হয়ে পূর্ব আহম্মদনগরে চলে গেছে। সড়কের বেশির ভাগ জায়গা ভেঙে গেছে। ভাঙা গর্তে পানি জমে নালায় পরিণত হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ১২/বি/ক বড়বাগের সামনে পানি জমে আছে। বিপরীত পাশের একটি ডোবা থেকে পানি সড়কে এসে পড়ছে। এই পানি ছড়িয়ে পড়েছে পুরো সড়কে। এঁকেবেঁকে বয়ে চলছে সামনের দিকে। ২/৩/এ বড়বাগের সামনে বিটুমিন, খোয়া উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আর গর্তে পানি জমে যেন পুকুরে পরিণত হয়েছে। ম্যানহোলের স্ল্যাব উপচে পানি সড়কে উঠছে। এখানকার ব্যবসায়ী আবুল হোসেন জানান, পানি নিষ্কাশনের পাইপ ময়লা-আবর্জনায় ভরে গেছে। তাই পানি সড়কে উপচে পড়ছে। মাস ছয়েক ধরে সড়কটি এমন অবস্থায় আছে। তিনি বলেন, ‘কিছুদিন আগে সিটি করপোরেশনের লোকজন এসে পানি নিষ্কাশনের পাইপ পরিষ্কার করার জন্য বাঁশ কিনতে চায়। আমরা বাঁশ কিনে দিলে তারা পরিষ্কার করার চেষ্টা করে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দুর্গন্ধে দোকানে বসে থাকা যায় না।’এলাকাবাসী জানান, সড়কে উপচে ওঠা নোংরা পানির জন্য সড়ক দিয়ে হাঁটা যায় না। একটু অসাবধান হলেই নোংরা, অপবিত্র পানিতে কাপড় নষ্ট হয়ে যায়। সড়কের দুই পাশের দোকানিদের ভয়ে ভয়ে থাকতে হয়—কখন আবার সড়ক থেকে পানি ছিটকে দোকানে এসে পড়ে। ১২/এফ বড়বাগ থেকে পূর্ব আহম্মদনগর পর্যন্ত পুরো সড়কেই পানি জমে আছে। ১৯/৩ বড়বাগ ও ২২/আই বড়বাগের সামনে কাদাপানিতে একাকার। পাশেই ম্যানহোলের দুটি স্ল্যাব নেই। রাতের আঁধারে অনেকেই এখানে পড়ে আহত হয়েছে বলে জানালেন এখানকার দোকানি। এ ছাড়া পুরো সড়কে অসংখ্য জায়গায় ভাঙা। সড়কের পিচ উঠে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে উঁচু-নিচু সড়কে হাঁটতে গিয়ে হোঁচট খেতে হয়। এ সড়কটি চলাচলের উপযোগী করা হবে কি না জানতে চাইলে ডিসিসি অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, নতুন করে পানির লাইন বসানোর পর পুরো সড়ক ঢালাই করা হবে। এটি অনুমোদন হয়ে গেছে। এখন টেন্ডারের অপেক্ষায় আছে।