অচল টেলিফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পান্থপথের চন্দ্রশীলা সুবাস্তু টাওয়ার (বাড়ি ৬৯/১) এবং এর আশপাশের ভবনের ৪০০টি টেলিফোন লাইন বিকল হয়ে আছে। এসব ভবনের বেশির ভাগ তলায়ই আছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। টেলিফোন লাইন অচল থাকায় ব্যবসায়িক কাজে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।তাঁদের অভিযোগ, অচল টেলিফোন লাইন সচল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ধীরগতিতে কাজ করছে। তবে বিটিসিএল থেকে জানা যায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে গিয়ে তাদের কিছুটা সময় লাগছে।অনুসন্ধানে জানা যায়, ১২ এপ্রিল ভোর ছয়টায় এক অগ্নিকাণ্ডের কারণে টেলিফোন লাইন অচল হয়ে পড়ে। এর প্রত্যক্ষদর্শী আইনজীবী শাহ উৎপল কুমার জানান, মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যাতে ট্রান্সফরমারের ফিউজ কেটে যাওয়ায় বিদ্যুৎসরবরাহ লাইনে তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু আগুনের স্ফুলিঙ্গ সুবাস্তু টাওয়ারের সামনের গ্যাস রাইজারে চলে আসে। রাইজারটির ছিদ্র থাকায় গ্যাস-প্রবাহ ছিল বাতাসে। তাই সেই গ্যাসে আগুন ধরে যায়। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা টেলিফোন বাক্সে (কেবিনেট)। ওই বাক্স থেকে আশপাশের ভবনে টেলিফোন লাইন নেওয়া হয়েছে। তবে দ্রুতগতিতে মূল গ্যাস-সরবরাহ বন্ধ করার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।গিয়ে দেখা গেছে, অগ্নিকাণ্ডের কারণে আশপাশের দোকানের প্লাস্টিক, সাইনবোর্ড পুড়ে গেছে। সুবাস্তু টাওয়ারের গ্যাস রাইজারটি এখনো পর্যন্ত সিলগালা করা আছে। ফলে ওই ভবনে গ্যাস-সংযোগ বন্ধ আছে। ভবনের লোকজন দ্রুত গ্যাস-সংযোগের দাবি করে।এদিকে বিটিসিএল সূত্রে জানা যায়, আগুনের কারণে টেলিফোন বাক্সের কিছু তার পুড়ে যায়। যাতে শর্ট সার্কিট হয়ে সুবাস্তু টাওয়ার এবং এর আশপাশের টেলিফোনের তার অকেজো হয়ে পড়েছে। এগুলো চালু করতে হলে নতুন তার লাগাতে হবে। তার লাগিয়ে টেলিফোন লাইনগুলো কবে সচল করা হবে, জানতে চাইলে বিটিসিএলের ঢাকা টেলিযোগাযোগ কেন্দ্রীয় অঞ্চল (বহি-নীলক্ষেত) উপবিভাগীয় প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, নতুন তার আনতে যেসব নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তার জন্য সময় বেশি লাগছে। পর্যায়ক্রমে টেলিফোন লাইনগুলো সচল করা হচ্ছে। সব টেলিফোন লাইন সচল হতে আরও ১০ দিনের মতো লাগতে পারে বলে তিনি জানান।