অচল ঢাকা!
ইফতারের আগে বাসায় ফেরার তাড়া; তাই দুপুর থেকে ঘরমুখো মানুষের ভিড় থাকে নগরের সড়কে সড়কে। যানবাহন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় অনেককে। আবার তাতে চড়তেও রীতিমতো যুদ্ধ করতে হয়। এদিকে ঈদের দিন যত কাছে আসছে, নগরের বিপণিবিতানগুলো ঘিরে ততই যানজট বাড়ছে। ফুটপাত আর রাস্তায় পণ্যের পসরা বেড়ে যাওয়ায় হাঁটতে গিয়ে জনজটে পড়ছেন পথচারীরা। রাজপথে, ফুটপাতে অচল এই শহর নিয়ে প্রতিবেদন।ঘরে ফেরা দায়মিরপুরে থাকেন রফিকুল ইসলাম। তিনি পান্থপথের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস ছুটির পর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। পাক্কা আধা ঘণ্টা কোনো বাসের হদিস মিলল না। তারপর কারওয়ান বাজারের দিক থেকে একটি বাস এল। তখন একদল মানুষ বাসে ওঠার জন্য দরজার দিকে হুমড়ি খেয়ে পড়ল। যাদের গায়ে জোর বেশি, তারা এর-ওর গায়ে কনুইয়ের গুঁতা দিয়ে কিংবা পা মাড়িয়ে বাসে উঠে গেল। কিছু লোক বাসের ভেতর জায়গা না পেয়ে দরজায় বাদুড়ঝোলা হয়ে রইল।ওই বাসে আর রফিক উঠতে পারেননি। বাসে উঠতে তাঁর প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা লাগে বলে তিনি জানালেন।রমজান মাসে নগরের প্রায় বাসস্ট্যান্ডেই দুপুর থেকে ইফতারের জন্য ঘরে ফেরা মানুষের ভিড় দেখা যাচ্ছে। বাস না পেয়ে কেউ কেউ সিএনজি অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও রিকশার খোঁজ করে। কিন্তু এসব যানবাহনও সহজে মিলছে না। যা-ও দু-একটা মেলে, তার চালকেরা ভাড়া দাবি করে প্রকৃত ভাড়ার চেয়ে দু-তিন গুণ বেশি।আবার যানবাহনে চড়েও ঠিক সময়ে বাসায় ফেরার নিশ্চয়তা থাকছে না। কারণ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে কাটাতে হচ্ছে যাত্রীদের।ফার্মগেটে ঘরে ফেরা মানুষের মিছিল বাড়তে বাড়তে তেজগাঁও কলেজ পর্যন্ত ঠেকেছে। সেজান পয়েন্টের সামনের সড়ক থেকে মানুষজন সরাতে কয়েকজন ট্রাফিক পুলিশকে বেগ পেতে হচ্ছিল। এঁদের সঙ্গে দুজন কমিউনিটি পুলিশের কর্মী কাজ করছেন।গত ১৬ আগস্ট দুপুরে গুলশান ২ নম্বর মোড়ে দেখা গেল—বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট ও মিরপুরগামী শত শত মানুষ কোনো যানবাহন পাচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষার পর একজন একটি খালি সিএনজি অটোরিকশা পেলেন। চালক মিটারে যাবেন না। ভাড়া দাবি করলেন ২০০ টাকা। ভদ্রলোক বাধ্য হয়ে তাতেই চড়ে বসলেন।এদিকে এক বিকেলে অফিসপাড়া মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, সেখানেও ঘরে ফেরার অপেক্ষায় মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। মতিঝিল শাপলা চত্বরের পূর্ব পাশের পুলিশ বক্সের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন সালেহা বেগম।তিনি জানান, ডেমরা যাওয়ার জন্য ঘণ্টা খানেক ধরে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। এরই মধ্যে দুটি বাস চলেও গেছে। কিন্তু তিনি ভিড়ের চাপে উঠতে পারেননি।একাধিক যাত্রী জানান, গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতুর কাজের কারণে ওই সড়কে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে। আবার মতিঝিলে যাওয়ার বাসের দেখা সহজে মিলছে না।বিপণিবিতানের সামনে জটলামালিবাগ-মৌচাক মার্কেটের ঠিক সামনে রিকশা ও পথচারীদের জটলা। এখানকার বিপণিবিতানে ঢুকতে কিংবা ফুটপাত ধরে এগোতে বেশ বেগ পেতে হচ্ছে পথচারীদের। সিগন্যাল উঠে গেলেও জটলার কারণে সড়কের যানবাহনকেও থেমে থাকতে হচ্ছে।এদিকে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনেও দেখা যাচ্ছে যান আর জনতার জটলা। এই বিপণিবিতানের গাড়ি রাখার জায়গায় তিলধারণের ঠাঁই নেই। এখানকার নিরাপত্তাকর্মীরা গাড়িবহর সামলাতে হিমশিম খাচ্ছেন। বিপণিবিতানের গাড়ি ঢোকা ও বের হওয়ার কারণে পান্থপথে যানজট বাড়ছে।সারা বছর নিউমার্কেট, চাঁদনি চক, নূর ম্যানশন ও গাউছিয়া মার্কেটে আসা ক্রেতাদের গাড়ির জট দেখা যায় মিরপুর সড়কে। রমজান মাস আসার পর জট আরও বেড়েছে। এখানে অবৈধ পার্কিং প্রতিরোধে নিউমার্কেট থানা থেকে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নিরাপত্তা চৌকির দায়িত্বে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ বাশার জানান, অবৈধ পার্কিং ঠেকাতে তাঁদের বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। প্রতিদিন শ খানেক মামলা করা হয় মার্কেটের সামনে অবৈধ পার্কিংয়ের জন্য।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আগের মতো ব্যক্তিগত গাড়ি পার্কিং করা হচ্ছে। এ বিষয়ে গাড়িচালক আমিনুল হোসেনের প্রশ্ন, ‘সড়ক ছাড়া পার্কিং করার জায়গা কোথায়?’বিপণিবিতানে গাড়ি রাখার জায়গা না থাকায় মিরপুর ১ ও ১০ নম্বর সেকশন মোড়; উত্তরার রাজলক্ষ্মী, জসীমউদ্দীন ও আজমপুর মোড়েও যানজট বাড়ছে। ঈদের দিন যত এগিয়ে আসবে, এসব জায়গায় ততই বাড়বে যানজট। তাই যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তৎপরতা জোরদার করার দাবি করেন কেউ কেউ। এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক বিভাগ) ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, রমজান মাসের প্রথম দিন থেকেই যানজট নিয়ন্ত্রণের কাজে জনবল বাড়ানো হয়েছে। এ ছাড়া কিছু বিপণিবিতানের আশপাশের রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে এবং কোনো কোনো রাস্তা একমুখী করে যানজট কমানোর চেষ্টা করা হচ্ছে। সড়কে গাড়ি রাখা বন্ধ করতে রেকার নিয়ে ট্রাফিক সদস্যরা বিভিন্ন জায়গায় কাজ করছেন বলে তিনি জানান।তবে নাম প্রকাশে অনিচ্ছুক (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, নগরের বেশির ভাগ বিপণিবিতান নির্মাণেই পরিকল্পনার অভাব রয়েছে। পর্যাপ্ত গাড়ি রাখার জায়গা না রেখে যেখানে-সেখানে বিপণিবিতান গড়ে তোলা হয়েছে। তাই যানবাহন নিয়ন্ত্রণে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।হাঁটতেও বাধাগুলিস্তান এলাকার ফুটপাতে হাঁটার কোনো উপায় নেই। প্রায় সব ফুটপাতই চলে গেছে হকারদের দখলে। ফুটপাত তো বটেই, কোথাও কোথাও সড়কের একাংশ চাপা পড়েছে জামা-জুতার পসরার নিচে। তাই পথচারীদের বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে।এদিকে বলাকা সিনেমা হলের সামনে থেকে গাউছিয়া মার্কেটের দিকে যাওয়া বিশাল ঝক্কির ব্যাপার। ফুটপাতজুড়ে হকাররা থেকে থেকে সম্মিলিতভাবে ক্রেতা টানার জন্য সুরে সুরে বলে যাচ্ছে, ‘বাইছা লন এক শ, যেইডা লন এক শ।’ হকারদের কবল থেকে নিউমার্কেট ফুটওভারব্রিজও রেহাই পায়নি। এই ফুটওভারব্রিজের দুই পাশে টুলে করে বিক্রির জন্য নানা পণ্য সাজিয়ে রাখা হয়েছে। একই চিত্র দেখা গেল মতিঝিল, পল্টন, মালিবাগ, মিরপুর ও ফার্মগেট এলাকায়। ফুটপাতের মাঝে সামান্য ফাঁকা জায়গা রেখে দুই পাশে বেচাবিক্রি করছে হকাররা।ফুটপাত পথচারীবান্ধব করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? এ প্রশ্নে ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ দাবি করেন, ফুটপাত হকারমুক্ত করতে তাঁদের অভিযান অব্যাহত আছে। গত সপ্তাহ থেকে অভিযান আরও জোরদার করা হয়েছে। তবে অভিযানের জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য পাওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে ডিএমপি থেকে নানা ব্যস্ততার কথা বলা হচ্ছে। আবার পুলিশ সদস্য ছাড়া অভিযান চালানো সম্ভব নয়। কারণ, অভিযানের সময় পুলিশ না থাকলে সাদা পোশাকের ডিসিসি কর্মীদের কেউ পাত্তা দেবে না।