বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটের কারণে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে অচল হয়ে পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থেকে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। এ সময় ১৮টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। আবার এ সময় যেসব উড়োজাহাজ ঢাকায় অবতরণ করেছে, সেগুলোর যাত্রীরা মালপত্র না পাওয়ায় বিমানবন্দরে আটকা ছিলেন।বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের এই প্রধান বিমানবন্দরে বিদেশগামী চার হাজারের অধিক যাত্রী দিনভর আটকা ছিলেন। ফ্লাইট বিলম্বিত হওয়ায় টার্মিনালের ভেতরে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয় সেখানে। আবার বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে সকালে যে চারটি ফ্লাইট অবতরণ করে, সেগুলোর উড়োজাহাজ থেকে লাগেজ নামানো-আনাসহ অন্যান্য সেবা বন্ধ থাকায় ওই সব যাত্রীকেও মালামালের অপেক্ষায় টার্মিনালের ভেতর বসে থাকতে হয়। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, জেট এয়ার ও এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বোর্ডিং ব্রিজে ভিড়তে পারায় যাত্রীরা নেমে আসতে পেরেছে সঙ্গে সঙ্গে। তবে গালফ এয়ারের উড়োজাহাজটি ৯ নম্বর বে এলাকায় অবতরণের পর গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কর্মীরা সিঁড়ি লাগাতে যাননি। ফলে যাত্রীদের উড়োজাহাজের ভেতরে আড়াই ঘণ্টা আটকে থাকতে হয়। আর বিমানবন্দরের বাইরে উৎকণ্ঠায় ছিলেন যাত্রীদের স্বাগত ও বিদায় জানাতে আসা তাঁদের কয়েক হাজার স্বজন। এই ধর্মঘটের প্রভাবে একই অবস্থায় পড়ে দেশের দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেও যাত্রীদের একই রকম দুর্ভোগে পড়তে হয়।সাত ঘণ্টা কর্মবিরতির পর বিমানমন্ত্রী এম ফারুক খানের আশ্বাসে বেলা সোয়া একটায় ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক-কর্মচারীরা। তার আগে বিমানবন্দরে বিমানমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ও বিমান শ্রমিক লীগের নেতাদের দেড় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি। তাদের কিছু দাবি অনুমোদনের জন্য আজ (মঙ্গলবার) বোর্ডসভায় উত্থাপন করা হবে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’ তিনি দুর্ভোগের শিকার যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তবে মন্ত্রী এও স্বীকার করেন, সমস্যার সমাধানে গতকাল যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা একদিন আগেও নেওয়া যেত।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকে বিমান শ্রমিক লীগ ও সিবিএর সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ও থানায় করা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে উত্থাপনের ব্যাপারে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিখিত অঙ্গীকার করেছেন।সমঝোতার পর বেলা দেড়টা নাগাদ শ্রমিক-কর্মচারীরা কাজ শুরু করেন। বিমানমন্ত্রী ও মশিকুর রহমান সরেজমিনে গিয়ে কর্মীদের কাজ শুরুর তদারকও করেন।দুপুরে কাজ শুরু হলেও সকাল থেকে আটকে পড়া ১৮টি ফ্লাইটের যে জট লেগেছিল, তা স্বাভাবিক হতে গত মধ্যরাত পার হয়ে যায়। দিনভর আটকা থাকা যাত্রীদের অনেকে রাত নয়টা পর্যন্ত ফ্লাইট ছাড়ার নিশ্চিত কোনো খবর না পেয়ে আরেক দফা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সেখানে ভাঙচুরও করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ কারণে গতকাল সারা রাত রানওয়ে খোলা রাখার ব্যবস্থা করে। এমনিতে সংস্কারকাজের কারণে রাত ১১টা থেকে সকাল আটটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকে।মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে যে জট তৈরি হয়েছে, তা আমরা অতিরিক্ত পরিশ্রম করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব। এ জন্য বাড়তি কোনো পারিশ্রমিক নেব না।’ তিনি ধর্মঘটের কারণে দুর্ভোগের শিকার যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কর্মীদের আন্দোলনের মুখে ঠেলে না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়, সে জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।এর আগে গত রোববার বিমান শ্রমিক লীগের ডাকে সাত দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরদিন সোমবার দিনভর বিমানের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এর পরও কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় গতকাল ভোর থেকে লাগাতার ধর্মঘট শুরু করেন কর্মীরা। চট্টগ্রাম বিমানবন্দরের চিত্র: ধর্মঘটের কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের বিদেশগামী পাঁচ শতাধিক যাত্রী চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটকা পড়েন। ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করেছেন। উত্তেজনাকর পরিস্থিতিতে এখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকালে ওমানের মাস্কট থেকে প্রথমটি এবং দোহা ও দুবাই হয়ে দ্বিতীয় ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। তৃতীয় ফ্লাইট আসে আবুধাবি থেকে। দাবি: বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বিমানের জনবলকাঠামো বাস্তবায়ন, শতভাগ মেডিকেল ভাতা পুনর্বহাল, পোশাকের (ইউনিফর্ম) টাকা সংস্থা থেকে প্রদান, আহার-ভাতা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, পাঁচ থেকে ২২ বছর পর্যন্ত যেসব কর্মী দৈনিক ভিত্তিতে (ক্যাজুয়াল) কাজ করছেন, তাঁদের চাকরি স্থায়ী করা প্রভৃতি।এর আগে গত বছরের ৫ মার্চ উল্লিখিত দাবিসহ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। ঐক্য পরিষদের আহ্বায়ক ছিলেন মশিকুর রহমান। পরে বিমানমন্ত্রীর আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেন। এর পরই মশিকুরের বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা করে কর্তৃপক্ষ। সম্প্রতি তাঁকে চাকরিচ্যুতির পাঁয়তারা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এ কারণে শ্রমিক লীগ ও সিবিএ বিনা নোটিশে পুরোনো দাবিতে নতুন করে আন্দোলনে নামে।