অচল বেড়িবাঁধের সড়ক
গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত মিরপুর-মিটফোর্ড বেড়িবাঁধ সড়কটি মিরপুর আর পুরান ঢাকার মধ্যে সহজ চলাচলের সড়ক হতে পারে। কারণ, এই সড়ক ধরে গেলে দূরত্ব অনেকটা কমে আসে। আবার সড়কটি নগরের ভেতরের সড়কগুলো থেকে যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি করেছে।কিন্তু পুরান ঢাকার দিকে বেড়িবাঁধের সড়কে যানজট ও ভাঙাচোরা থাকায় যান চলাচলে এটি পুরোপুরি কাজে আসছে না। সম্ভাবনাময় সড়কটি কাজে লাগাতে কর্তৃপক্ষও উদ্যোগী হচ্ছে না।কাদাপানিতে সয়লাবকামালবাগ ও ইসলামবাগ থেকে বাবুবাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়কটি কয়েক জায়গায় জলাবদ্ধ হয়ে পড়েছে। সেসব জায়গা ভেঙেচুরে গেছে। কাদাপানিতে সয়লাব হয়ে আছে সড়কের অনেক অংশ। পথচারীদের কাদাপানি মাড়িয়ে হাঁটতে হচ্ছে। এ ছাড়া যানবাহন চলাচলে বাধা তৈরি হচ্ছে। বাবুবাজার থেকে গাবতলীগামী বাসের যাত্রী মোহাম্মদ রানা বললেন, ‘আধা কিলোমিটার রাস্তা আসতে সময় লেগেছে আধা ঘণ্টা। কখন যে মোহাম্মদপুর পৌঁছাব, জানি না।’খোঁজ নিয়ে জানা গেছে, কামালবাগ, ইসলামবাগ ও সোয়ারীঘাট এলাকায় বেড়িবাঁধ সড়কের অংশ প্রতিবছরই ভেঙে যায়। কারণ, এখানে পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। পানি জমে জমে সড়কটিতে ভাঙন ধরে।ঘণ্টার পর ঘণ্টা যানজটপুরান ঢাকার দিকে বেড়িবাঁধ সড়কটিতে ঘণ্টার পর ঘণ্টা জটে আটকে থাকে শত শত যানবাহন। বাবুবাজার সেতুর কাছ থেকে সোয়ারীঘাট পর্যন্ত প্রতিদিন দীর্ঘ জটে যাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেন।বেড়িবাঁধ সড়ক দিয়ে বাবুবাজার থেকে গাবতলীতে চলাচলকারী একাধিক বাসের চালক জানান, যানজটের জন্য আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দুই-তিন ঘণ্টা সময় লাগে।গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধ সড়কের পাশে চম্পাতলী ঘাট, বাক্স ঘাট, ইমামগঞ্জ ঘাট ও সোয়ারীঘাট থাকায় মালবাহী টালি গাড়ি, রিকশাভ্যান, পিকআপ ভ্যান, ট্রাক ও কার্গো থেকে মাল নামানো হয়। এসব যানবাহন সড়কের বেশির ভাগ জায়গা দখল করে থাকে।পিকআপচালক সুজন মিয়া জানান, শুধু বাবুবাজার থেকে সোয়ারীঘাট পর্যন্ত পার হতে দেড়-দুই ঘণ্টা সময় আলাদা করে রাখতে হয়। এই যানজট সম্পর্কে বাবুবাজার-গাবতলী রুটের বাসচালক আলম হোসেন বলেন, ‘মাল খালাসের জন্য আলাদা জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত। কারণ, সড়কের ওপর মাল ওঠানো-নামানোর কারণে যানজট হয়।’ইসলামবাগ, কামালবাগ, সোয়ারীঘাটে বেড়িবাঁধ সড়কের ওপর টালি গাড়ি, রিকশাভ্যান দাঁড়িয়ে থাকে। আবার শিশি-বোতলের বস্তার সারি ও অন্যান্য মালের স্তূপ দেখা গেছে সড়কের ওপর। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অথচ যানবাহন নিয়ন্ত্রণে সেখানে নেই পর্যাপ্ত ট্রাফিক পুলিশ।প্রশাসনের ভাষ্যবেড়িবাঁধ সড়কের বেহাল বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, পুরান ঢাকার দিকে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই সেই কাজ শুরু হবে।বেড়িবাঁধ সড়কের যানজট কমাতে কী করা হচ্ছে? এমন প্রশ্নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহেদুল আলম দাবি করেন, ‘আমরা এই এলাকার যানজট কমাতে কাজ করে যাচ্ছি। পুরান ঢাকার দিকে বেড়িবাঁধ সড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। সড়কের আশপাশের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেছি এই সড়কের সমস্যা নিয়ে।’ যানজট কমাতে হলে জনসচেতনতাও দরকার বলে তিনি জানান।