অচলাবস্থা নিরসন করতে মার্কিন কর্মকর্তার মালদ্বীপ সফর
মালদ্বীপের রাজনৈতিক অচলাবস্থা নিরসন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক আজ বৃহস্পতিবার ভারত মহাসাগরীয় দেশটিতে এসে পৌঁছেছেন।মন্ত্রিসভার সব সদস্যের একযোগে পদত্যাগের পর থেকে দেশটিতে অচলাবস্থা বিরাজ করছে। পদত্যাগকারী মন্ত্রীরা দাবি করেন, বিরোধী দলগুলোর নেতৃত্বাধীন পার্লামেন্ট তাঁদের প্রত্যেক কাজে বাধা প্রদান করতেন।অন্যদিকে, পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্যরা বলছেন, সরকার অনিয়মতান্ত্রিকভাবে কাজ করছে এবং তাঁদের কাজে বাধা দিচ্ছে। ঘুষ নেওয়ার অভিযোগে মালদ্বীপ পার্লামেন্টের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।এই বিরোধের জের ধরে দুই পক্ষই রাজপথে নেমে আসে এবং সহিংস বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। দেশটিতে বিরাজমান এ অবস্থা বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের এই জনপ্রিয় পর্যটনস্থলে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়।রবার্ট ব্লেক মালদ্বীপ সফরকালে দেশটির সব রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাত্ করে একটি সমাধানের পৌঁছাতে চেষ্টা করবেন। ২০০৮ সালে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, পার্লামেন্টের সদস্যদের একটি জোট তাঁর প্রস্তাবিত সংস্কারগুলোকে আইনে পরিণত করতে বাধা দিচ্ছে। তাঁর সরকার বলছে, পার্লামেন্টের সদস্যরা প্রত্যেক মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও হুমকি দিয়েছিল।এরপর নাশিদ আবার মন্ত্রিসভা গঠন করেছেন, কিন্তু মন্ত্রীদের এ নিয়োগ পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। কিন্তু চলমান বিরোধিতার কারণে এর মধ্যে পার্লামেন্টের কোনো অধিবেশনই বসেনি।গতকাল বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট নাশিদ বলেন, ‘বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারায় আমরা খুশি। আমরা আমাদের মধ্যে বিরোধের নিষ্পত্তি করতে চাই।’যুক্তরাজ্যে মালদ্বীপের দূতাবাস এক বিবৃতিতে বলে, দূতাবাসটি বর্তমান সমস্যার একটি যথাযথ সমাধান চায়, যা নির্বাহী, আইন ও বিচার বিভাগের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের সত্ভাই বিরোধী দলের এমপি আবদুল্লাহ ইয়ামিন বিবিসিকে বলেন, বর্তমান ‘স্বৈরাচারী’ সরকার আরাহ দ্বীপে তাঁকে বেআইনিভাবে আটক করে রেখেছে। ‘সরকার আমাকে কোনো রাজনৈতিক সুযোগ দিতে চায় না।’ইয়ামিন আরও বলেন, ‘পার্লামেন্টের প্রতিরোধের কারণে সরকার জাতীয় এজেন্ডার বিষয়ে যা করতে চায় তা করতে পারছে না। এ কারণেই আমরা কারারুদ্ধ, হুমকির মুখোমুখি।’ কিন্তু প্রেসিডেন্টের দপ্তর বলছে, ইয়ামিন তাঁর নিজের নিরাপত্তার জন্যই সেখানে আছেন।ইয়ামিন বলেন, আটকাবস্থা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি ক্ষমতাসীন মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নন। অবশ্য তিনি বলেন, শুধু ‘যুক্তিসংগত’ অনুরোধেই তিনি সম্মত হবেন।২০০৭ সালে এক গণভোটে মালদ্বীপের অধিবাসীরা রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থার পক্ষে রায় দেয়, যখন এমডিপি সংসদীয় শাসনব্যবস্থার পক্ষে প্রচারণা চালাচ্ছিল।