পাইলটদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
অচলাবস্থার অবসান, বিমান চলাচল স্বাভাবিক
প্রধানমন্ত্রীর সঙ্গে পাইলটদের বৈঠকের পর বাংলাদেশ বিমানের অচলাবস্থার অবসান হয়েছে। গতকাল শনিবার সকালে পাইলটরা কাজে যোগ দেওয়ার পর ফ্লাইট পরিচালনাও স্বাভাবিক হয়ে এসেছে।বৈঠক শেষে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সংবাদ সম্মেলন করে কয়েক দিনের কর্মবিরতির কারণে ফ্লাইটসূচি বিপর্যস্ত ও যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে।বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, হজ মৌসুমে কর্মসূচি দিয়ে বিমানের ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইলটদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয় বলে জানিয়ে দেন। বৈঠকে পাইলটদের কোনো দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি। এমনকি পাইলটদের প্রতিনিধিদল তাদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীর কাছে জোরালো কোনো যুক্তিও তুলে ধরতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের, মন্ত্রণালয়ের সচিব শফিক আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ, পাইলটদের প্রতিনিধি বাপার ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব, ক্যাপ্টেন শাহ আলম, ক্যাপ্টেন আলীয়া, ক্যাপ্টেন শাহানা, ক্যাপ্টেন আশরাফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে পাইলটদের প্রতিনিধিদল তাদের চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর প্রশাসনিক আদেশ বাতিলের বিষয়টি তোলে। এ দাবি তুলেই তারা কর্মবিরতিতে গেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বিমানের পাইলটসংকট থাকায় চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। কারও পছন্দ না হলে ৫৭ বছর পর অবসরে যেতে পারেন। আর যাঁর ইচ্ছা হবে তিনি ৬২ বছর পর্যন্ত চাকরি করবেন।বৈঠকে চাকরির বয়সসীমার বাড়ানোর ক্ষেত্রে কিছু শর্তের ব্যাপারে পাইলটদের আপত্তিও ধোপে টেকেনি। যেহেতু এ বিষয়ে পাইলটরাই আদালতে গেছেন, এখন সেটা আদালতে সুরাহা হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।আন্দোলনের ঘটনায় যেসব পাইলটকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শাতে বলা হয়েছে, তা প্রত্যাহারের দাবির ব্যাপারেও বৈঠকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি। এটা যেহেতু বিভাগীয় ব্যবস্থা, তাই এ বিষয়টি বিমান কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সর্বশেষ পাইলট প্রতিনিধিদলটি জানতে চায়, তারা নির্ভয়ে কাজে যোগ দিতে পারে কি না। জবাবে প্রধানমন্ত্রী তাদের অভয় দেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।বার্তা সংস্থা বাসস-এর খবরে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব বিষয় আদালতে বিচারাধীন রয়েছে, সেগুলো আদালতের রায়ের মাধ্যমে সুরাহা হবে। এ ছাড়া তিনি আলোচনার মাধ্যমে অন্যান্য বিষয় ফয়সালা করার নির্দেশ দেন।বৈঠকে বাপা নেতারা তাঁদের কর্মবিরতি চলাকালে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।বৈঠক শেষে বিকেলে বাপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহতাব বলেছেন, ‘আমরা প্রতিটি মুহূর্তে আশায় ছিলাম যে সংকট অবসানের পথ তৈরি হবে। এজন্য আমরা বিমানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’বিমান চলাচল স্বাভাবিক: গতকাল সকালে পাইলটরা কাজে যোগ দেন। এরপর স্বাভাবিক হয়ে আসে বিমান চলাচল। গতকাল ঢাকা থেকে ১০টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যের তিনটি ফ্লাইট চলাচল করেছে।গতকাল দুপুরে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামীকাল (আজ) রোববার থেকে সব ফ্লাইট পূর্ণোদ্যমে চালু হবে। তিনি বলেন, ‘কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে ওঠায় আমি আনন্দিত। সব সমস্যার সমাধান হয়েছে।’ কয়েক দিনের টানা দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। আটকা পড়ে ৩৬২ যাত্রী: ফ্লাইটসূচি বিপর্যস্ত থাকায় বিভিন্ন গন্তব্যের ৩৬২ জন যাত্রী আটকা পড়েছেন। তাঁদের ঢাকার বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। এর মধ্যে রিয়াদ ফ্লাইটের ৮৭ জন, বাহরাইনের ১৪৩, কুয়েতের ৭০, আবুধাবির ২০ ও দুবাই ফ্লাইটের ৪২ জন যাত্রী রয়েছেন। এসব যাত্রীকে গতকাল রাতের মধ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে বিমানের এমডি সাংবাদিকদের জানান। প্রসঙ্গত, পাইলটদের চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে গত ২০ অক্টোবর বাপা এক সংবাদ সম্মেলনে বিমান কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি মেনে না নেওয়ায় চুক্তির বাইরে বাড়তি কোনো ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেয় বাপা।পরে পাঁচ পাইলটকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বরখাস্ত এবং পাইলটদের কাজে যোগ দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় কর্তৃপক্ষ। এরপর পাইলটরা কর্মবিরতি শুরু করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে গত শুক্রবার রাতে পাইলটরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তার পর গতকালের বৈঠকে চূড়ান্ত সুরাহা হয়।