অচলাবস্থার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দায়ী করেছে সংসদীয় কমিটি
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়ী করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, কর্তৃপক্ষ বন্দর পরিচালনার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর এই ব্যর্থতা ঢাকতে বন্দরের স্থবিরতার জন্য সংসদীয় কমিটিকে দায়ী করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় সংসদ ভবনে আজ রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।সভায় কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ শাহ আলম, মজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী ও নজরুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সংসদীয় কমিটির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। কমিটি বার্থ অপারেটর নিয়োগ নিয়ে কোনো ধরনের সুপারিশ করেনি। এখানে কমিটির কোনো সম্পৃক্ততা নেই। কর্তৃপক্ষ নিজেদের মতো করে বন্দর পরিচালনা করছে বলে সমস্যা তৈরি হচ্ছে। তারা যদি সবাইকে নিয়ে কাজ করত, তাহলে কোনো সমস্যা হতো না। তিনি বলেন, দেশের দুটি বন্দরে যেকোনো আপত্কালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে একটি উপদেষ্টা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য কমিটির সুপারিশ জানতে চাওয়া হলে তিনি বলেন, বন্দর পরিদর্শনের সময় দেখেছি বন্দরের অনেক জমি অব্যবহূত আছে। বন্দরের অবস্থা দেখলে মনে হয় এটা শুধু গাড়ির বন্দর। বন্দর কর্তৃপক্ষকে আমরা বলেছি অব্যবহূত জমিতে গাড়ির জন্য আলাদা ডক তৈরি করতে। বৈঠকে বিভিন্ন বন্দরের কার্যক্রম তদন্ত করে কমিটিতে উপস্থাপন করা প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। আর চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর দুটিতে কাজের গতি বাড়ানোসহ সব কাজ সুষ্ঠুভাবে ত্বরান্বিত করতে জরুরি ভিত্তিতে উপদেষ্টা কমিটি গঠনের সুপারিশ করা হয়।