অচলাবস্থার ২৯ দিন, শিক্ষার্থীরা হল ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ রয়েছে ২৯ দিন ধরে। এতে হতাশ শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব রয়েছে।সিন্ডিকেটের ২২৭তম সভায় ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১১২ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ চূড়ান্ত করা হয়। এর পরই বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে ওঠে। একের পর এক ভাঙচুর, বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও পরিবহন ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। উপাচার্য, সহউপাচার্য, ট্রেজারার, প্রক্টরসহ কর্তাব্যক্তিরাও নিয়মিত ক্যাম্পাসে আসছেন না। এ কারণে অঘোষিতভাবে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম। গতকাল শনিবার সরেজমিনে ঘুরে উপাচার্য, সহউপাচার্য বা অন্য কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ক্যাম্পাসে কাউকে পাওয়া যায়নি। তালা ঝুলতে দেখা যায় বিভিন্ন অনুষদ ভবন ও প্রশাসনিক ভবনের ফটকে। তবে দু-একজন নিরাপত্তা-কর্মীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে তা বলতে পারছে না কেউই। প্রশাসনের কর্তাব্যক্তিরাও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। পরিবেশ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি উপাচার্য এম আলাউদ্দিনও। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত ছুটির আগে ক্যাম্পাস বন্ধের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’এদিকে প্রশাসনের লোকজন না এলেও স্থানীয় বহিরাগতরা ক্যাম্পাসে অবাধে ঘোরাফেরা করছে। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর ক্যাম্পাসের ভেতরে গুলি ও বোমার শব্দ পাওয়া যাচ্ছে। এতে আবাসিক হলের শিক্ষার্থী এবং কোয়ার্টারে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কে রয়েছেন। আবার আগামী ২২ অক্টোবর থেকে ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ১৫ দিন ক্যাম্পাস বন্ধ থাকারও কথা। তবে উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক হলগুলো তার আগেই বন্ধ করে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ অবস্থায় অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। গতকাল ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিলেন আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সিমি ইফতেখার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাস খোলার কোনো নিশ্চয়তা নেই। এভাবে আর কত দিন থাকব।’ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘আমরা যাঁরা ক্যাম্পাসের ভেতরে থাকি, তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কর্তাব্যক্তিরা ক্যাম্পাসে অবস্থান করলে নিরাপত্তার শঙ্কার বিষয়টি অনেকাংশে কমে যেত।’ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে চরম সংকট চলছে। সংকট নিরসনে তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।