অচিরেই বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে: প্রধানমন্ত্রী
অচিরেই প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট খুব শিগগিরই চালুর কথা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের বহরে নতুন প্রজন্মের বিমান সংযোজন ও নতুন লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বিমান থেকে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি দূর করে বিমানকে লাভজনক একটি সংস্থা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আমি শুনেছি, বিমান লাভের মুখ দেখতে শুরু করেছে, এ জন্য আমি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। আশা করি, এ সাফল্য বিমান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’প্রধানমন্ত্রী বিমানের সব অনিয়ম ও দুর্নীতি দূর করার আহ্বান জানান বলেন, ‘বিমানে ভ্রমণ করার জন্য টিকিট কিনতে গিয়ে টিকিট পাওয়া যায় না, কিন্তু দেখা যায় পুরো বিমানটি খালি যাচ্ছে। এসব অনিয়ম আপনাদের দূর করতে হবে।’প্রধানমন্ত্রী বিমানের কার্গো সার্ভিস চালুর প্রসঙ্গে বলেন, ‘বিমানে অনেক পুরোনো এবং যাত্রীবহনে অনুপযুক্ত বিমান আছে। সেগুলোকে ফেলে না দিয়ে কার্গোসেবা চালু করা যেতে পারে। কার্গোসেবার মাধ্যমে বিমানের একটা ভালো রোজগার হতে পারে।’উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমানবহরে নতুন সংযোজিত বিমানগুলো ঘুরে দেখেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।