অচেনা তিনি
আপাদমস্তক ভদ্রলোক বলতে যা বোঝায়, তিনি তা-ই। কোর্টের বাইরে তো বটেই, কোর্টেও। রজার ফেদেরারের উদ্যাপনেও তাই ঠিক সেই উন্মত্ততা থাকে না। থাকে বিনীত-বিনম্র একটা ভঙ্গি।কিন্তু সেদিন যেন একটু অন্য রকম দেখাল তাঁকে। দুর্দান্ত এক ফোর হ্যান্ডে পয়েন্ট পাওয়ার পর দাঁত-মুখ খিঁচে চিৎকারই করে উঠলেন, ‘ইয়েস’। হ্যাঁ, সোঙ্গার সঙ্গে দ্বিতীয় সেটটা টাইব্রেকে গড়িয়ে ছিল, সেখানেও টান টান উত্তেজনা ছিল বটে, কিন্তু ফেদেরার ঠিক এভাবে ভেতরের আবেগ প্রকাশ করবেন, বহু দিনের চেনা চোখে একটু বেখাপ্পা তো লাগেই।কিন্তু মুহূর্তেই এও পরিষ্কার হয়ে যায়, ফেদেরারের ওই ‘উগ্রতা’ সোঙ্গাকে নয়, পয়েন্ট প্রাপ্তির উচ্ছ্বাসও নয়। সেটা আসলে দুঃসময়কে একটা পাল্টা জবাব দেওয়া। যে দুঃসময় অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাঁকে। ২০০২ সালের পর এই প্রথম এমন একটা বছর কাটিয়েছেন, যেবার চারটি গ্র্যান্ড স্লামের একটাও জেতেননি। সর্বশেষ ২০১০ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এর মানে, গত সাতটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে শিরোপা ওঠেনি তাঁর হাতে।পরিণাম তাই ছিল অবশ্যম্ভাবী। আরও একবার সমালোচকেরা এই রায় দিয়ে দিলেন—ফেদেরার শেষ! অনেক হয়েছে। এখন সসম্মানে অবসর নিয়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। বয়স তো আর কম হলো না। ফেদেরারের খেলাতেও খুঁত খুঁজে পাওয়া যেতে লাগল। রিফ্লেক্স আর আগের মতো নেই। ডাবল-হ্যান্ডেড ব্যাক-হ্যান্ডের সেই জাদুও দেখাতে পারছেন না। সবচেয়ে বড় কথা, কোর্টের ওপাশে ফেদেরার থাকলে প্রতিপক্ষ যে সমীহর চোখে তাকাত, সেটা উবে গেছে কর্পূরের মতো। কোর্টে নামার আগেই যে মনস্তাত্ত্বিক সুবিধাটা পেতেন, সেটা আর নেই। সত্যি বলতে কি, ফেদেরারের ভক্তদের মনের আস্থার দেয়ালটাতেও চিড় ধরল। ফেদেরার কি আর পারবেন?পেরেছেন! দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে তাঁর। বছর সমাপক টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালস জিতেছেন বলেই শুধু নয়; ফেদেরার বছরের শেষ প্রান্তে এসে আসলেই খেলেছেন দারুণ। দুর্দান্ত বললেই হয়তো ভালো শোনাবে। টানা ১৭ ম্যাচে অপরাজিত থেকেই শুরু করবেন ২০১২। এর সঙ্গে থাকবে রেকর্ড ছয়বার ট্যুর ফাইনালস জেতার, ইতিহাসের মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে ১০০টি টুর্নামেন্ট ফাইনালে খেলার রেকর্ড। সঙ্গে থাকবে ক্যারিয়ারের ৭০তম শিরোপাটি জয়ের তরতাজা আত্মবিশ্বাসও।২০১২ কি হতে যাচ্ছে ফেদেরারের বছর! রাজীব হাসান